ইরানি নেতাদের নির্মূল করার অভিযান চালিয়ে যাবে ইসরায়েল
কাগজ ডেস্ক
প্রকাশ: ১৭ মার্চ ২০২৬, ০৮:১০ পিএম
ছবি: ইসরাইলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাৎজ
ইরানের শীর্ষ নেতাদের লক্ষ্য করে সামরিক অভিযান অব্যাহত রাখার ঘোষণা দিয়েছেন ইসরাইলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাৎজ।
সেই সঙ্গে তিনি এমনটাও দাবি করেছেন যে, সাম্প্রতিক এক হামলায় ইরানের নিরাপত্তা পরিষদের প্রধান আলী লারিজানি এবং বাসিজ কমান্ডার গোলামরেজা সোলেইমানি নিহত হয়েছেন।
মঙ্গলবার (১৭ মার্চ) এক বিবৃতিতে কাৎজ বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশনায় ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী ইরানের ‘সন্ত্রাস ও নিপীড়নমূলক শাসনের’ নেতৃত্বকে খুঁজে বের করে টার্গেট করার অভিযান চালিয়ে যাবে।
আরো পড়ুন: ইরান যুদ্ধ থেকে কে কী পেতে চাইছে?
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের এক মন্তব্য উল্লেখ করে কাৎজ বলেন, ইরানের নেতৃত্বে পরিবর্তনের বিষয়ে ট্রাম্প যে ইঙ্গিত দিয়েছেন, তা বাস্তবায়ন আরও দ্রুতগতিতে এগোচ্ছে। তিনি দাবি করেন, সাম্প্রতিক হামলায় দুই শীর্ষ নেতার নিহত হওয়ার মধ্য দিয়ে এই প্রক্রিয়া আরও ত্বরান্বিত হয়েছে।
এ সময় অভিযানে অংশ নেওয়া ইসরায়েলি বিমান বাহিনীর পাইলট ও গোয়েন্দা সদস্যদের প্রশংসা করেন তিনি।
তবে ইরানের পক্ষ থেকে এখনো লারিজানি ও সোলেইমানির মৃত্যুর বিষয়ে কোনো আনুষ্ঠানিক নিশ্চিতকরণ পাওয়া যায়নি, ফলে ঘটনাটি নিয়ে অনিশ্চয়তা রয়ে গেছে।
