নিউইয়র্কে বিমানবন্দরের রানওয়েতে প্লেন ও গাড়ির সংঘর্ষ
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ২৩ মার্চ ২০২৬, ১২:০৩ পিএম
ছবি: সংগৃহীত
যুক্তরাষ্ট্রের লা গার্ডিয়া বিমানবন্দরের রানওয়েতে একটি যাত্রীবাহী বিমানের সঙ্গে দমকলের গাড়ির সংঘর্ষে অন্তত চারজন গুরুতর আহত হয়েছেন।
দুর্ঘটনার পর বিমানবন্দরটিতে আসা ফ্লাইট সাময়িকভাবে বন্ধ ঘোষণা করা হয়েছে।
স্থানীয় সময় গতকাল রোববার রাতে এ ঘটনা ঘটে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। নিউইয়র্ক পুলিশ বিভাগের মিডিয়া অফিস সংঘর্ষের বিষয়টি নিশ্চিত করেছে।
খবরে বলা হয়েছে, কানাডার মন্ট্রিয়াল থেকে আসা এয়ার কানাডা এক্সপ্রেসের একটি সিআরজে-৯০০ মডেলের বিমান রানওয়েতে নামার পর একটি ফায়ার ট্রাকের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়ে। ঘটনাটি স্থানীয় সময় রাত প্রায় ১১টা ৪০ মিনিটের দিকে ঘটে।
দুর্ঘটনার পরপরই বিমানবন্দরে উদ্ধার ও সরিয়ে নেওয়ার কাজ শুরু হয়। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া কিছু ভিডিওতে বিমানের সামনের অংশ ক্ষতিগ্রস্ত হয়ে কাত হয়ে থাকতে দেখা যায়। তবে এ সব ভিডিও স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি।
প্রাথমিক প্রতিবেদনে জানা গেছে, সংঘর্ষে চারজন দমকলকর্মী গুরুতর আহত হয়েছেন। তারা পোর্ট অথরিটি পুলিশ বিভাগের সদস্য বলে ধারণা করা হচ্ছে। বিমানে প্রায় ১০০ জন যাত্রী ছিলেন, তাদের শারীরিক অবস্থা পরীক্ষা করা হচ্ছে।
এদিকে ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন (এফএএ) জরুরি পরিস্থিতির কারণে বিমানবন্দরটিতে ‘গ্রাউন্ড স্টপ’ জারি করেছে। ফলে সব আগত ফ্লাইট অন্যত্র সরিয়ে নেওয়া বা পূর্ববর্তী গন্তব্যে ফেরত পাঠানো হয়েছে।
প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, খারাপ আবহাওয়ার মধ্যে বিমানটি গেটের দিকে যাওয়ার সময় এই দুর্ঘটনা ঘটে। তবে দুর্ঘটনার সঠিক কারণ ও ক্ষয়ক্ষতির বিস্তারিত এখনো নিশ্চিত করেনি কর্তৃপক্ষ।
সূত্র: এনডিটিভি
