মালয়েশিয়ায় হাসপাতালে মির্জা আব্বাসকে দেখতে গেলেন মাসুদ সাইদী
কাগজ ডেস্ক
প্রকাশ: ১৪ মে ২০২৬, ১১:৩১ পিএম
ছবি : সংগৃহীত
চিকিৎসার জন্য মালয়েশিয়ায় অবস্থানরত বিএনপির স্থায়ী কমিটির সদস্য, প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও ঢাকা-৮ আসনের সংসদ সদস্য মির্জা আব্বাসকে হাসপাতালে দেখতে গেছেন সংসদ সদস্য মাসুদ সাইদী।
বৃহস্পতিবার (১৪ মে) সাক্ষাৎ শেষে মাসুদ সাইদী জানান, মির্জা আব্বাস আগের তুলনায় অনেকটাই সুস্থ আছেন।
জানা গেছে, মিনিস্ট্রি অব ট্যুরিজম, আর্টস অ্যান্ড কালচার এবং ইসলামিক ট্যুরিজম সেন্টার-এর আমন্ত্রণে পাঁচ দিনের সফরে বুধবার (১৩ মে) রাতে মালয়েশিয়ায় পৌঁছান মাসুদ সাইদী। সফরের অংশ হিসেবে তিনি হাসপাতালে গিয়ে মির্জা আব্বাসের খোঁজখবর নেন।
এর আগে গত ১৩ এপ্রিল উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুর থেকে মির্জা আব্বাসকে মালয়েশিয়ায় নেওয়া হয়। বর্তমানে তিনি চিকিৎসকদের নিবিড় তত্ত্বাবধানে রয়েছেন।
মির্জা আব্বাসের সঙ্গে দীর্ঘদিনের ব্যক্তিগত ও পারিবারিক সম্পর্কের কথা উল্লেখ করে মাসুদ সাইদী এক ফেসবুক পোস্টে লেখেন, “মির্জা আব্বাস শুধু আমাদের প্রতিবেশীই নন, তিনি আমাদের ঘনিষ্ঠ আত্মীয়ও। ছোটবেলা থেকেই তাকে চিনি। তিনি এমপি, মন্ত্রী বা মেয়র হওয়ার আগ থেকেই আমাদের পরিবারের সঙ্গে তার সম্পর্ক রয়েছে। তিনি আমাকে অত্যন্ত স্নেহ করেন।”
এ সময় তিনি মির্জা আব্বাসের দ্রুত সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করে মহান আল্লাহর কাছে দোয়া প্রার্থনা করেন।
