অর্থ উপদেষ্টা
কাউকে সন্তুষ্ট করতে অপ্রয়োজনীয় প্রকল্প নেওয়া হবে না
কাগজ ডেস্ক
প্রকাশ: ১৪ মে ২০২৬, ১১:৩৬ পিএম
ছবি : সংগৃহীত
কাউকে সন্তুষ্ট করতে তড়িঘড়ি করে কোনো অপ্রয়োজনীয় প্রকল্প গ্রহণ করা হবে না বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর অর্থ উপদেষ্টা রাশেদ আল মাহমুদ চৌধুরী তিতুমীর।
বৃহস্পতিবার (১৪ মে) সন্ধ্যায় রাজধানীর শেরেবাংলা নগরের এনইসি সম্মেলন কক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।
অর্থ উপদেষ্টা বলেন, অতীতে বিভিন্ন ব্যক্তির স্বার্থসিদ্ধির জন্য অনেক প্রকল্প নেওয়া হয়েছিল। সে সময় পরিকল্পনা মন্ত্রণালয়ের কার্যকর ভূমিকার অভাব ছিল বলেও মন্তব্য করেন তিনি। তার ভাষায়, অকারণে প্রকল্পের মেয়াদ বাড়িয়ে ব্যয় বৃদ্ধি করা হয়েছে।
তিনি জানান, এখন থেকে প্রকল্প গ্রহণ থেকে বাস্তবায়নের প্রতিটি ধাপে স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করা হবে।
দুর্নীতি ও অনিয়মের প্রসঙ্গ তুলে রাশেদ আল মাহমুদ চৌধুরী তিতুমীর বলেন, পর্যাপ্ত তদারকির অভাবে অতীতে ‘বালিশকাণ্ড’-এর মতো বিতর্কিত ঘটনা ঘটেছে। এসব অপ্রয়োজনীয় ব্যয়ের চাপ দেশের অর্থনীতিকে ঋণের বোঝার মুখে ফেলেছে বলেও তিনি উল্লেখ করেন।
সংবাদ সম্মেলনে তিনি আরও জানান, ২০৩৪ সালের মধ্যে ট্রিলিয়ন ডলারের অর্থনীতি গড়ে তোলার লক্ষ্য নিয়ে সরকার নীতি ও কৌশল প্রণয়ন করছে। পাশাপাশি সরকারি কার্যক্রমে স্বচ্ছতা বাড়াতে নিয়মিতভাবে তথ্য জনগণের সামনে প্রকাশ করা হবে বলেও আশ্বাস দেন তিনি।
