বিশ্ববাজারে জ্বালানি তেলের বড় দর পতন
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ১৭ এপ্রিল ২০২৬, ১০:১৮ এএম
ছবি: সংগৃহীত
ইসরাইল-লেবানন যুদ্ধবিরতির পর মধ্যপ্রাচ্যে উত্তেজনা কিছুটা কমার আশায় বিশ্ববাজারে জ্বালানি তেলের দামে বড় পতন দেখা গেছে। সরবরাহ বিঘ্নের আশঙ্কা কমে আসায় বিনিয়োগকারীদের মধ্যে স্বস্তি ফিরেছে বলে মনে করছেন বিশ্লেষকরা।
শুক্রবার (১৭ এপ্রিল) আন্তর্জাতিক সংবাদমাধ্যম আল জাজিরার প্রতিবেদনে বলা হয়, ব্রেন্ট ক্রুড তেলের ফিউচার্স ১ শতাংশের বেশি কমে প্রতি ব্যারেল ৯৮ দশমিক ০৫ ডলারে নেমে এসেছে।
একই সময়ে ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) অপরিশোধিত তেলের দামও কমে ৯৪ ডলারের নিচে অবস্থান করছে।
বাজার বিশ্লেষকদের মতে, যুদ্ধবিরতির ফলে মধ্যপ্রাচ্য থেকে তেল সরবরাহে ঝুঁকি কমেছে। এতে বিনিয়োগকারীরা পরিস্থিতি স্থিতিশীল হওয়ার সম্ভাবনা দেখছেন, যার প্রভাব পড়েছে দামের ওপর
এর আগে মার্চ মাসে যুক্তরাষ্ট্র, ইসরাইল ও ইরানকে ঘিরে সংঘাত তীব্র হলে আন্তর্জাতিক বাজারে তেলের দাম হঠাৎ বেড়ে যায়। সে সময় দাম প্রায় ৫০ শতাংশ পর্যন্ত বৃদ্ধি পেয়েছিল।
বর্তমানে দাম ১০০ ডলারের নিচে থাকলেও পুরো সপ্তাহজুড়ে তা ৯০ ডলারের ঘরেই ওঠানামা করছে। এতে বোঝা যায়, বাজার এখনো পুরোপুরি স্থিতিশীল হয়নি এবং পরিস্থিতি সংবেদনশীল অবস্থায় রয়েছে।
এদিকে ডোনাল্ড ট্রাম্প ইরানের সঙ্গে সম্ভাব্য শান্তি আলোচনা নিয়ে ইতিবাচক মন্তব্য করেছেন। তিনি জানিয়েছেন, সপ্তাহান্তে পাকিস্তানে দুই দেশের কর্মকর্তাদের বৈঠক হতে পারে।
বিশ্লেষকদের ধারণা, কূটনৈতিক সমাধানের পথে অগ্রগতি হলে বিশ্ববাজারে তেলের দাম আরো স্থিতিশীল হতে পারে।
