ইরানে ‘মোসাদের গুপ্তচরের’মৃত্যুদণ্ড কার্যকর
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ২২ এপ্রিল ২০২৬, ১০:২৯ পিএম
ছবি- সংগৃহীত
ইসরায়েলি গোয়েন্দা সংস্থা মোসাদের পক্ষে গুপ্তচরবৃত্তির দায়ে ইরানে এক সাবেক পারমাণবিক কর্মীর মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে। আজ বুধবার সকালে ফাঁসিতে ঝুলিয়ে তাঁর দণ্ড কার্যকর করা হয় বলে জানিয়েছে দেশটির সংবাদমাধ্যম। ওই ব্যক্তি ইরানের একটি সংবেদনশীল সংস্থার ‘প্যাসিভ ডিফেন্স’ কমিটিতে কর্মরত ছিলেন।
ইরানি সংবাদমাধ্যমের খবরে বলা হয়েছে, দণ্ডপ্রাপ্ত ব্যক্তি মোসাদের এক কর্মকর্তার সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখতেন এবং রাষ্ট্রীয় গোপনীয়তা পাচার করতেন। গত ২৮ ফেব্রুয়ারি ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের সঙ্গে সংঘাত শুরুর পর থেকে এখন পর্যন্ত অন্তত ১২ জনের মৃত্যুদণ্ড কার্যকর করেছে তেহরান। গত মঙ্গলবারও জানুয়ারির আন্দোলনের সঙ্গে জড়িত এবং মোসাদের সঙ্গে যোগাযোগের অভিযোগে অন্য এক ব্যক্তির ফাঁসি কার্যকর করা হয়।
মানবাধিকার সংস্থাগুলোর মতে, মৃত্যুদণ্ডপ্রাপ্তদের অনেকের বিরুদ্ধেই ইসরায়েলের হয়ে গুপ্তচরবৃত্তি কিংবা নির্বাসিত বিরোধী দল মুজাহিদিন-ই-খালক অর্গানাইজেশনের সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগ আনা হয়েছে। তবে এই উত্তপ্ত পরিস্থিতির মধ্যে আরও আট নারীর মৃত্যুদণ্ড কার্যকরের গুঞ্জন নাকচ করে দিয়েছে ইরানের বিচার বিভাগ। এর আগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ওই নারীদের মুক্তি দেওয়ার আহ্বান জানিয়েছিলেন।
ইরানি বার্তা সংস্থা মিজান নিউজ এজেন্সি জানিয়েছে, বিরোধী সংবাদমাধ্যমগুলো ভুয়া খবর ছড়িয়ে মার্কিন প্রেসিডেন্টকে বিভ্রান্ত করছে। বিচার বিভাগের দাবি, ট্রাম্প যে নারীদের মুক্তির কথা বলছেন, তাদের মধ্যে কয়েকজন আগেই মুক্তি পেয়েছেন। এ ছাড়া অন্যদের বিরুদ্ধে আনা অভিযোগগুলো মৃত্যুদণ্ডযোগ্য নয়।
