ইরানের তেলবাহী ট্যাংকার জব্দ করল যুক্তরাষ্ট্র
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ২৩ এপ্রিল ২০২৬, ০৮:০১ পিএম
ছবি- সংগৃহীত
ভারত মহাসাগরে ইরানের তেলবাহী একটি বিশালাকৃতির ট্যাংকার জব্দ করেছে যুক্তরাষ্ট্রের নৌবাহিনী। বৃহস্পতিবার (২৩ এপ্রিল) মার্কিন সেনাবাহিনীর সেন্ট্রাল কমান্ড (সেনটকম) এক বিবৃতিতে এই তথ্য নিশ্চিত করেছে। মূলত ইরানের ওপর জারি করা মার্কিন নৌ অবরোধ কার্যকর করতে এবং তেহরানের রসদ সরবরাহকারী চক্রকে রুখে দিতে এই সামুদ্রিক অভিযান চালানো হয়েছে।
\মার্কিন প্রতিরক্ষা মন্ত্রণালয় জাহাজ জব্দের একটি ভিডিও প্রকাশ করেছে। সেখানে দেখা যায়, হেলিকপ্টার থেকে বিশেষ কমান্ডোরা দড়ি বেয়ে ‘ম্যাজিস্টিক এক্স’ নামের ট্যাংকারটিতে নামছেন এবং সেটির নিয়ন্ত্রণ নিচ্ছেন। শিপ ট্র্যাকিং ডাটা অনুযায়ী, গায়ানার পতাকাবাহী জাহাজটি ভারত মহাসাগরে ইন্দোনেশিয়া ও শ্রীলঙ্কার মাঝামাঝি অবস্থানে ছিল। এর আগে একই এলাকা থেকে ‘টিফানি’ নামে আরেকটি জাহাজ জব্দ করেছিল মার্কিন সেনারা।
বিবৃতিতে পেন্টাগন হুঁশিয়ারি দিয়ে বলেছে, ইরানকে অবৈধভাবে সরঞ্জাম বা রসদ দিয়ে সাহায্য করা চক্রগুলোকে ঠেকাতে বিশ্বের যেকোনো প্রান্তে এমন সামুদ্রিক অভিযান জোরদার রাখা হবে। ‘ম্যাজিস্টিক এক্স’ জাহাজটির পূর্ব নাম ছিল ‘ফনিক্স’। ২০২৪ সালে যুক্তরাষ্ট্রের অর্থ মন্ত্রণালয় এই ট্যাংকারটির ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছিল। গত ১২ এপ্রিল ইরানের বিরুদ্ধে আনুষ্ঠানিক নৌ অবরোধ ঘোষণার পর এটি যুক্তরাষ্ট্রের বড় ধরনের সাফল্য হিসেবে দেখা হচ্ছে।
ট্যাংকার জব্দের বিষয়ে ইরান এখন পর্যন্ত কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানায়নি। তবে গতকালই পাল্টা পদক্ষেপ হিসেবে হরমুজ প্রণালিতে দুটি জাহাজ নিজেদের নিয়ন্ত্রণে নিয়েছিল ইরানি নৌ কমান্ডোরা।
