বিশ্ববাজারে তেলের দাম বাড়ল আরও ৩ শতাংশ
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ২৮ এপ্রিল ২০২৬, ০৫:০৮ পিএম
ছবি- সংগৃহীত
যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সম্ভাব্য শান্তি আলোচনা নিয়ে অনিশ্চয়তা এবং ভূ-রাজনৈতিক সংকটের জেরে আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত জ্বালানি তেলের দাম আরও এক দফা বেড়েছে। মঙ্গলবার (২৮ এপ্রিল) বিশ্ববাজারে ব্রেন্ট ক্রুড তেলের দাম প্রায় ৩ শতাংশ বেড়ে প্রতি ব্যারেল ১১১ দশমিক ২২ ডলারে ঠেকেছে। মূলত হরমুজ প্রণালি পুনরায় সচল হওয়া নিয়ে ধোঁয়াশা এবং বৈশ্বিক সরবরাহ বিঘ্নিত হওয়ার আশঙ্কায় তেলের বাজারে এই অস্থিরতা শুরু হয়েছে বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।
বাজার বিশ্লেষণে দেখা গেছে, আজ আন্তর্জাতিক বাজারে ব্রেন্ট ক্রুড তেলের দাম গতকাল সোমবারের তুলনায় ২ দশমিক ৯৯ ডলার বা ২ দশমিক ৭৬ শতাংশ বেড়েছে। একইভাবে দাম বেড়েছে অপরিশোধিত তেলের অপর বেঞ্চমার্ক ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েটেরও (ডব্লিউটিআই)। আজ প্রতি ব্যারেল ডব্লিউটিআই বিক্রি হচ্ছে ৯৮ দশমিক ৯১ ডলারে, যা আগের দিনের তুলনায় ২ দশমিক ৫৪ ডলার বা ২ দশমিক ৬৪ শতাংশ বেশি।
জ্বালানি পণ্যের বাজার পর্যবেক্ষণ সংস্থা রাইস্ট্যাড এনার্জির বিশ্লেষক হোর্হে লিওন তেলের দাম ১১০ ডলার ছাড়িয়ে যাওয়াকে বাজারের জন্য ‘বিপদসংকেত’ হিসেবে অভিহিত করেছেন। তিনি বলেন, ‘ব্যারেলপ্রতি ১১০ ডলারের বেশি দাম প্রতিফলিত করে যে, ভূ-রাজনৈতিক ঝুঁকি বারবার তেলের মূল্য নির্ধারণ করছে। এটি বাজারের জন্য মোটেও ভালো সংকেত নয়।’
বিশ্লেষকদের মতে, শান্তি আলোচনা থমকে যাওয়ায় ব্যবসায়ীরা বৈশ্বিক সরবরাহের প্রধান পথ হরমুজ প্রণালিতে দীর্ঘস্থায়ী সংকটের আশঙ্কা করছেন। হোর্হে লিওন রয়টার্সকে আরও জানান, এমনকি যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে কোনো আংশিক চুক্তি হলেও যদি হরমুজ প্রণালির সংকট না মেটে, তবে বাজারে অস্থিতিশীলতার ঝুঁকি থেকেই যাবে।
