‘ওরা আমাকে বরখাস্ত করুক’, মমতার হুঙ্কার
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ০৬ মে ২০২৬, ১০:৪৭ পিএম
মমতা বন্দ্যোপাধ্যায়। ছবি- সংগৃহীত
পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করতে অস্বীকৃতি জানিয়েছেন তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নিজের সিদ্ধান্তে অনড় থাকার বার্তা দিয়ে তিনি বলেছেন, ‘ওরা আমাকে বরখাস্ত করুক। আমি চাই আজকের দিনটি কালো দিন হিসেবে চিহ্নিত হোক।’
বুধবার (৬ মে) দলীয় বিধায়কদের সঙ্গে বৈঠকে মমতা জানান, গত ২৯ এপ্রিল শুরু হওয়া নির্বাচন-পরবর্তী সহিংসতার বিরুদ্ধে তাঁর দল আদালতে যাবে। কর্মীদের মনোবল বাড়াতে পাশে থাকার আশ্বাসের পাশাপাশি নেতাদের জন্য সতর্কবার্তাও দিয়েছেন তিনি। মমতা স্পষ্ট জানিয়েছেন, দলের বিরুদ্ধে প্রকাশ্যে কেউ কথা বললে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। এ জন্য একটি শৃঙ্খলা কমিটিও গঠন করা হয়েছে।
বিপরীতে বিজেপির শুভেন্দু অধিকারী দাবি করেছেন, পশ্চিমবঙ্গে বর্তমানে বড় কোনো সহিংসতা ঘটছে না। তার মতে, ‘এ পর্যন্ত যেসব বিচ্ছিন্ন ঘটনা ঘটেছে, তা ২০২১ সালের তুলনায় অনেক কম। কিছু দুষ্কৃতকারী এখনো সক্রিয় আছে, নতুন বিজেপি সরকার তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেবে।’
আগামীকাল ৭ মে পশ্চিমবঙ্গের বর্তমান বিধানসভার মেয়াদ শেষ হচ্ছে। ফলাফল ঘোষণার পর থেকেই পরাজয়ের জন্য নির্বাচন কমিশনকে দায়ী করছেন ৭১ বছর বয়সী মমতা। কমিশনের বিরুদ্ধে ‘অসৎ খেলার’ অভিযোগও তুলেছেন তিনি। আন্দোলনের অংশ হিসেবে বিধানসভা অধিবেশন শুরুর দিনটিতে ‘কালো পোশাক দিবস’ পালনের ঘোষণাও দিয়েছেন তৃণমূল নেত্রী।
মমতা পদত্যাগ না করায় এখন আইনি বিষয়গুলো খতিয়ে দেখা হচ্ছে। সংবিধান অনুযায়ী, মুখ্যমন্ত্রী রাজ্যপালের সন্তুষ্টির ওপর পদে থাকেন। রাজ্যপাল চাইলে তাকে বরখাস্ত করতে পারেন। এ ছাড়া আস্থা ভোট বা রাষ্ট্রপতি শাসন জারির বিধানও রয়েছে। এখন রাজ্যপাল কী পদক্ষেপ নেন, সবার নজর সেদিকেই।
