চীনে কয়লা খনিতে ভয়াবহ গ্যাস বিস্ফোরণ, নিহত ৯০
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ২৩ মে ২০২৬, ০৪:৫৬ পিএম
ছবি- সংগৃহীত
চীনের উত্তরাঞ্চলীয় শানসি প্রদেশের এক কয়লা খনিতে গ্যাস বিস্ফোরণের ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে অন্তত ৯০ জনে দাঁড়িয়েছে। এ ঘটনায় আরও ৯ জন এখনো নিখোঁজ রয়েছেন। আজ শনিবার (২৩ মে) স্থানীয় কর্তৃপক্ষের বরাত দিয়ে রাষ্ট্রীয় সংবাদমাধ্যম ‘চায়না ডেইলি’ এ তথ্য জানিয়েছে।
গতকাল শুক্রবার স্থানীয় সময় সন্ধ্যা ৭টা ২৯ মিনিটে শানসির চাংঝি প্রিফেকচারের ছিনইউয়ান কাউন্টির লিউশেনয়ু কয়লা খনিতে এই বিস্ফোরণ ঘটে। দুর্ঘটনার সময় ভূগর্ভস্থ খনিটিতে মোট ২৪৭ জন শ্রমিক কাজ করছিলেন। আজ শনিবার ভোর ৬টা পর্যন্ত ২০১ জনকে নিরাপদে ওপরে তুলে আনা সম্ভব হয়েছে। বাকিদের উদ্ধারে অভিযান চলছে।
ভয়াবহ এই দুর্ঘটনার পর আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী খনি কোম্পানিটির দায়িত্বে থাকা কর্মকর্তাদের হেফাজতে নিয়েছে। তাঁদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
চীনের প্রেসিডেন্ট শি জিনপিং আহতদের চিকিৎসায় সব ধরনের চেষ্টা চালানোর এবং উদ্ধার অভিযান অব্যাহত রাখার নির্দেশ দিয়েছেন। সেই সঙ্গে দুর্ঘটনার প্রকৃত কারণ খুঁজে বের করতে নিবিড় তদন্ত ও আইন অনুযায়ী কঠোর জবাবদিহির আদেশ দিয়েছেন তিনি।
কঠোর নিয়মকানুন ও নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত করার মাধ্যমে ২০০০ সাল থেকে কয়লা খনিতে দুর্ঘটনা উল্লেখযোগ্যভাবে কমিয়ে এনেছে চীন। সাধারণত এসব খনিতে গ্যাস বিস্ফোরণ ও আকস্মিক বন্যায় বহু মানুষের মৃত্যু হতো। তবে লিউশেনয়ু কয়লা খনির এই বিস্ফোরণটি গত এক দশকের মধ্যে দেশটির অন্যতম প্রাণঘাতী দুর্ঘটনা।
