×

আন্তর্জাতিক

ভারতে বিষাক্ত মদপানে ১৪ জনের মৃত্যু

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ৩০ মে ২০২৬, ০৪:২৬ পিএম

ভারতে বিষাক্ত মদপানে ১৪ জনের মৃত্যু

ছবি- প্রতীকী

ভারতের মহারাষ্ট্র রাজ্যের পুনেতে বিষাক্ত মদপানে অন্তত ১৪ জনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় পুরো এলাকায় তীব্র চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। পুলিশ ইতিমধ্যে ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে চোরাই মদের এক শীর্ষ কারবারিসহ আটজনকে গ্রেপ্তার করেছে। পুরো ঘটনার তদন্তভার দেওয়া হয়েছে রাজ্য অপরাধ তদন্ত বিভাগকে (সিআইডি)।

ভারতের সংবাদমাধ্যম এনডিটিভির বরাত দিয়ে আজ এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবিস ঘটনাটিকে ‘অত্যন্ত গুরুতর’ বলে অভিহিত করেছেন। তিনি মুম্বাইয়ে সাংবাদিকদের বলেন, ভেজাল মদ সরবরাহের পেছনের পুরো নেটওয়ার্ক শনাক্ত করা হয়েছে। জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হচ্ছে। আরও কয়েকজনকে আটক করা হতে পারে।

পুলিশ জানায়, পুনের পিম্পরি-চিঞ্চওয়াড়ের ফুগেওয়াড়ি এলাকায় ১০ জন এবং হাডাপসারের পান্ধারে মালা এলাকায় চারজন মারা গেছেন। বিষাক্ত মদপানে অসুস্থ আরও পাঁচজন পিম্পরি-চিঞ্চওয়াড়ের একটি হাসপাতালে চিকিৎসাধীন। এই মৃত্যুর ঘটনায় ফুগেওয়াড়ি ও হাডাপসার এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

পুলিশের দাবি, অভিযুক্তরা মিথানল মিশ্রিত বিষাক্ত মদ পুনে ও পিম্পরি-চিঞ্চওয়াড়ের বিভিন্ন এলাকায় সরবরাহ করেছিল। পুনে পুলিশের কমিশনার অমিতেশ কুমার বলেন, ‘চারজনের ময়নাতদন্ত সম্পন্ন হয়েছে। মৃত্যুর সুনির্দিষ্ট কারণ জানতে ভিসেরা নমুনা ফরেনসিক ল্যাবরেটরিতে পাঠানো হয়েছে। রিপোর্ট এলেই বিষয়টি নিশ্চিত হওয়া যাবে।’

পিম্পরি-চিঞ্চওয়াড়ের যশবন্তরাও চাভান মেমোরিয়াল হাসপাতালের ডিন ডা. রাজেন্দ্র ওয়াবলে জানান, মৃত ব্যক্তিদের বেশির ভাগই অতিরিক্ত মদপানে অভ্যস্ত ছিলেন। হাসপাতালে আনার সময় তাদের শ্বাসকষ্ট, অ্যাসিডোসিস, মুখ দিয়ে ফেনা বের হওয়া এবং অচেতন হয়ে যাওয়ার মতো উপসর্গ ছিল। সাধারণত বিষাক্ত মদপানে প্রথমে শ্বাসকষ্ট ও মাথা ভারী হয়ে হৃদস্পন্দন বেড়ে যায় এবং পরে রোগীর অবস্থা সংকটাপন্ন হয়ে পড়ে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

ভারতে বিষাক্ত মদপানে ১৪ জনের মৃত্যু

ভারতে বিষাক্ত মদপানে ১৪ জনের মৃত্যু

বার্ধক্য ঠেকানোর প্রকল্পে পুতিনের ২৬ বিলিয়ন ডলার

বার্ধক্য ঠেকানোর প্রকল্পে পুতিনের ২৬ বিলিয়ন ডলার

‘জিয়ার আদর্শকে ধারণ করে ক্ষমতায় এসেছে বিএনপি’

‘জিয়ার আদর্শকে ধারণ করে ক্ষমতায় এসেছে বিএনপি’

চীনের একক আধিপত্যের বিষয়ে সতর্কবার্তা দিলো যুক্তরাষ্ট্র

চীনের একক আধিপত্যের বিষয়ে সতর্কবার্তা দিলো যুক্তরাষ্ট্র

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App