×

খুলনা

পুরোনো প্রশ্নপত্রে এসএসসি পরীক্ষা, কেন্দ্র সচিব ও দুই পরিদর্শককে অব্যাহতি

Icon

এস আর সেলিম, দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি

প্রকাশ: ২১ এপ্রিল ২০২৬, ১১:২৫ পিএম

পুরোনো প্রশ্নপত্রে এসএসসি পরীক্ষা, কেন্দ্র সচিব ও দুই পরিদর্শককে অব্যাহতি

ছবি: কুষ্টিয়ার দৌলতপুরে পুরোনো প্রশ্নপত্রে পরীক্ষায় অংশ নেওয়া ভুক্তভোগী এক শিক্ষার্থী

কুষ্টিয়ার দৌলতপুরে এসএসসি পরীক্ষার প্রথম দিনেই প্রশ্নপত্র নিয়ে বিশৃঙ্খলার ঘটনা ঘটেছে। পুরোনো প্রশ্নপত্রে পরীক্ষা নেওয়ার এক ঘণ্টা পর তা পরিবর্তন করা হলেও দেওয়া হয়নি পর্যাপ্ত বাড়তি সময়। এতে চরম বিপাকে পড়েন পরীক্ষার্থীরা। ফলে ক্ষোভ ছড়িয়ে পড়ে শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে।

এ ঘটনায় কেন্দ্র সচিব ও দুই কক্ষ পরিদর্শককে অব্যাহতি দেওয়া হয়েছে। আজ মঙ্গলবার (২১ এপ্রিল) দৌলতপুর সরকারি পাইলট মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্রে এসএসসির প্রথম দিনের বাংলা প্রথম পত্র পরীক্ষায় এ ঘটনা ঘটে।

জানা যায়, পরীক্ষা শুরুর পর কক্ষ পরিদর্শক উপজেলার বালিরদিয়াড় মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক বাহারুল ইসলাম ও ভুরকাপাড়া মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক রাশেদা খাতুন ১৭ জন শিক্ষার্থীকে ২০২৫ সালের প্রশ্নপত্র সরবরাহ করেন। পরে শিক্ষার্থীরা বিষয়টি বুঝতে পেরে সঙ্গে সঙ্গে পরিদর্শকদের অবগত করেন এবং প্রশ্ন পরিবর্তন করে দিতে বলেন। কিন্তু পরিদর্শকরা শিক্ষার্থীদের অভিযোগ আমলে নেননি। বরং তাদের ধমক দিয়ে পুরনো প্রশ্নপত্রেই পরীক্ষা চালিয়ে যেতে বাধ্য করেন। ঘটনার প্রায় এক ঘণ্টা পর নতুন প্রশ্নপত্র সরবরাহ করা হলেও নষ্ট হওয়া এক ঘণ্টা সময়ের বিপরীতে ৩০ মিনিট অতিরিক্ত সময় দেয়া হয়। 

ভুক্তভোগী ওই ১৭ জনের মধ্যে ১৪ জন উপজেলার আল্লারদর্গা শিল্প এলাকার নাসির উদ্দিন বিশ্বাস স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থী এবং ৩ জন সদর ইউনিয়নের কিশোরীনগর আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থী। এদের মধ্যে ১৬ জন মেয়ে ও ১ জন ছেলে রয়েছেন। পরীক্ষা শেষে শিক্ষার্থীরা কেন্দ্র থেকে বেরিয়ে বাইরে অপেক্ষারত অভিভাবকদের বিষয়টি জানালে তীব্র ক্ষোভ ও অসন্তোষ প্রকাশ করেন অভিভাবকরা। এ ঘটনায় অভিভাবকরা দায়িত্ব পালনে অবহেলাকারী শিক্ষকদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের দাবি জানান। 

বিষয়টি জানতে পেরে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অনিন্দ্য গুহ তাৎক্ষণিক কেন্দ্রে উপস্থিত হন। ঘটনার সত্যতা যাচাইয়ের জন্য তিনি ভুক্তভোগী শিক্ষার্থী ও উপস্থিত শিক্ষকদের সাথে কথা বলেন। ঘটনার প্রমাণ পাওয়ায় তিনি যশোর শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রকের সঙ্গে যোগাযোগ করেন এবং কেন্দ্র সচিব ইয়ার আলী, কক্ষ পরিদর্শক বাহারুল ইসলাম ও রাশেদা খাতুনকে পরীক্ষা সংক্রান্ত সব দায়িত্ব থেকে তাৎক্ষণিকভাবে অব্যাহতি দেন। 

এ বিষয়ে নাসির উদ্দিন বিশ্বাস স্কুল অ্যান্ড কলেজের প্রধান শিক্ষক মোখলেছুর রহমান বলেন, এটি শিক্ষার্থীদের ভবিষ্যতের সঙ্গে চরম অবিচার। একজন পরীক্ষার্থীর কাছে প্রতিটি মিনিট অত্যন্ত গুরুত্বপূর্ণ। কক্ষ পরিদর্শকদের দায়িত্বহীনতার কারণেই এই পরিস্থিতির সৃষ্টি হয়েছে। এক ঘণ্টা সময় নষ্ট হওয়ার পর মাত্র আধা ঘণ্টা ক্ষতিপূরণ কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। এ ঘটনায় শিক্ষার্থীদের ওপর প্রচণ্ড মানসিক চাপ তৈরি করেছে। 

ঘটনার বিষয়ে দৌলতপুর সরকারি পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও কেন্দ্র সচিব ইয়ার আলী বলেন, প্রশ্নপত্র বিতরণের সময় অসাবধানতাবশত এই ভুলটি হয়েছে। বিষয়টি জানামাত্রই আমরা ব্যবস্থা নেয়ার চেষ্টা করেছি। এটি অনিচ্ছাকৃত একটি ভুল ছিল, তারপরও প্রশাসনের নেয়া সিদ্ধান্তকে আমি সম্মান জানাই। 

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অনিন্দ্য গুহ সাংবাদিকদের বলেন, পরীক্ষার মতো সংবেদনশীল বিষয়ে এমন অবহেলা কোনোভাবেই কাম্য নয়। খবর পাওয়া মাত্রই কেন্দ্রে গিয়ে ঘটনার সত্যতা যাচাই করেছি। কোমলমতি শিক্ষার্থীদের সঙ্গে যে অবিচার হয়েছে, তা অত্যন্ত দুঃখজনক। বোর্ডের সঙ্গে কথা বলে ওই শিক্ষার্থীদের রোল নম্বর সংশ্লিষ্ট বোর্ডে পাঠানো হয়েছে। এ ঘটনায় তাৎক্ষণিক সংশ্লিষ্ট দুই কক্ষ পরিদর্শক ও কেন্দ্র সচিবকে দায়িত্ব থেকে অব্যাহতি দেয়া হয়েছে। তাদের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা গ্রহণের বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে। 

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ

তনু হত্যা মামলা সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ

‘রূপায়ণ সিটি উত্তরা’ যেন ঢাকার ‘ক্যাসিনো সিটি’

‘রূপায়ণ সিটি উত্তরা’ যেন ঢাকার ‘ক্যাসিনো সিটি’ পরিচালনায় সম্রাটের ক্যাসিনো পার্টনার কাশেম

এক তরুণের কোমরে ৩ পিস্তল, গ্রেপ্তার করল পুলিশ

এক তরুণের কোমরে ৩ পিস্তল, গ্রেপ্তার করল পুলিশ

অনুমোদনহীন খাদ্য উৎপাদন, দুই প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা

অনুমোদনহীন খাদ্য উৎপাদন, দুই প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App