জুলাই সনদ বাতিল চেয়ে রিট শুনানির তারিখ নির্ধারণ
কাগজ ডেস্ক
প্রকাশ: ২৫ ফেব্রুয়ারি ২০২৬, ০১:৪৩ পিএম
জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় জুলাই জাতীয় সনদ প্রকাশ অনুষ্ঠানে সাবেক প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। ছবি : সংগৃহীত
জুলাই জাতীয় সনদ–২০২৫ বাতিলের নির্দেশনা চেয়ে দায়ের করা রিটের শুনানির জন্য আগামী ১ মার্চ দিন ধার্য করেছেন হাইকোর্ট। বুধবার (২৫ ফেব্রুয়ারি) বিচারপতি খিজির আহমেদ চৌধুরী ও বিচারপতি মো. জিয়াউল হকের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ দিন নির্ধারণ করেন।
এর আগে গত ১৮ ফেব্রুয়ারি সুপ্রিম কোর্টের আইনজীবী ইউনুছ আলী আকন্দ রিটটি দায়ের করেন। বুধবার রিটটি শুনানির জন্য কার্যতালিকার ১৪৫ নম্বর ক্রমিকে অন্তর্ভুক্ত ছিল। কার্যতালিকা অনুযায়ী মামলাটি শুনানির জন্য ডাকা হলেও রিটকারী আইনজীবী ইউনুছ আলী আকন্দ আদালতে উপস্থিত ছিলেন না।
এ সময় রাষ্ট্রপক্ষে ডেপুটি অ্যাটর্নি জেনারেল দেলোয়ার হোসেন খান সময়ের আবেদন করেন। শুনানি শেষে আদালত আগামী ১ মার্চ (রোববার) রিটের পরবর্তী শুনানির তারিখ নির্ধারণ করেন।
আরো পড়ুন : জুলাই সনদ নিয়ে রাজনৈতিক সংকটের আভাস
রিট আবেদনে জুলাই জাতীয় সনদ–২০২৫ কেন অসাংবিধানিক, অবৈধ ও আইনগত কর্তৃত্ববহির্ভূত ঘোষণা করা হবে না, এ মর্মে রুল জারির আবেদন জানানো হয়েছে।
রিটে উল্লেখ করা হয়, অন্তর্বর্তী সরকার কর্তৃক জুলাই জাতীয় সনদ–২০২৫ এর মাধ্যমে অনুষ্ঠিত গণভোট নির্বাচন অসাংবিধানিক ও অবৈধ। এতে দাবি করা হয়, জুলাই জাতীয় সনদের অধীনে গণভোট আয়োজন সংবিধানের ৬৫, ১২৩(৩)(৪) ও ৩১ অনুচ্ছেদের পরিপন্থি এবং গণপ্রতিনিধিত্ব আদেশ (আরপিও)-এর ১১ অনুচ্ছেদের বিরোধী।
