পারমাণবিক ইস্যু
যুক্তরাষ্ট্রের সঙ্গে গুরুত্বের সঙ্গে আলোচনা করছে ইরান: ট্রাম্প
কাগজ ডেস্ক
প্রকাশ: ০১ ফেব্রুয়ারি ২০২৬, ১০:৪৩ এএম
ছবি : সংগৃহীত
ইরান যুক্তরাষ্ট্রের সঙ্গে পারমাণবিক ইস্যুতে গুরুত্বের সঙ্গে আলোচনা করছে বলে জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি আশাবাদ ব্যক্ত করে বলেন, আলোচনার মাধ্যমে ইরান পারমাণবিক অস্ত্র পরিত্যাগে সম্মত হবে।
রোববার (১ ফেব্রুয়ারি) প্রেসিডেন্টের সরকারি বিমান এয়ার ফোর্স ওয়ানে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন ডোনাল্ড ট্রাম্প। খবর টাইমস অব ইসরায়েলের।
এক সাংবাদিক ইরান নিয়ে তার সর্বশেষ ভাবনা জানতে চাইলে শুরুতে মন্তব্য এড়িয়ে যান ট্রাম্প। পরে তিনি বলেন, মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র বিপুল পরিমাণ সামরিক সরঞ্জাম পাঠিয়েছে। তিনি বলেন, আমি আশা করি তারা এমন কিছু নিয়ে আলোচনা করবে, যা আমাদের কাছে গ্রহণযোগ্য হবে।
আরো পড়ুন : শতকোটি ডলারের মার্কিন অস্ত্র কিনছে ইসরায়েল ও সৌদি
এ সময় সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স খালিদ বিন সালমানের সাম্প্রতিক মন্তব্য নিয়েও তাকে প্রশ্ন করা হয়। গত শুক্রবার যুক্তরাষ্ট্রে এক বৈঠকে প্রিন্স খালিদ বলেন, ট্রাম্প তার হুমকি অনুযায়ী এখন যদি ইরানে হামলা না চালান, তাহলে ইরানের সরকার আরো শক্তিশালী হয়ে উঠবে।
এই প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন, অনেকে এটি মনে করেন, আবার অনেকে মনে করেন না।
ইরানের সঙ্গে আলোচনার অগ্রগতি প্রসঙ্গে ট্রাম্প আরো বলেন, ইরান চাইলে এমন একটি সন্তোষজনক চুক্তি করতে পারে, যেখানে পারমাণবিক অস্ত্র থাকবে না। তাদের এটি করা উচিত। তবে আমি জানি না তারা শেষ পর্যন্ত তা করবে কি না। তারা আমাদের সঙ্গে আলোচনা করছে—গুরুত্বের সঙ্গেই আলোচনা করছে।
