ইরানের শীর্ষ নিরাপত্তা প্রধান লারিজানি নিহত
কাগজ ডেস্ক
প্রকাশ: ১৮ মার্চ ২০২৬, ০৮:২১ এএম
ছবি : সংগৃহীত
জাতীয় নিরাপত্তা কাউন্সিলের প্রধান আলী লারিজানি ইসরায়েলের হামলায় নিহত হয়েছেন বলে নিশ্চিত করেছে ইরান। মঙ্গলবার (১৭ মার্চ) রাতে তার ওপর হামলা চালানো হয়। এর পরপরই ইসরায়েল প্রথম তার মৃত্যুর তথ্য জানায়।
এরপর রাত প্রায় ৩টার দিকে ইরান আনুষ্ঠানিকভাবে লারিজানির মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে।
নিরাপত্তা কাউন্সিল এ বিষয়ে একটি বিবৃতি দিয়েছে, যা প্রকাশ করেছে ইরানি বার্তাসংস্থা মেহর নিউজ এজেন্সি।
আরো পড়ুন : লারিজানি ও সোলাইমানিকে হত্যার দাবি করছে ইসরায়েল
বিবৃতিতে বলা হয়, ইরান এবং ইসলামি বিপ্লবের আদর্শ সমুন্নত রাখতে আমৃত্যু সংগ্রামের পর অবশেষে আলি লারিজানি তার দীর্ঘদিনের লালিত স্বপ্ন পূরণ করেছেন। সত্যের আহ্বানে সাড়া দিয়ে দেশ ও জাতির সেবায় নিজেকে উৎসর্গ করে তিনি শাহাদাতের গৌরব অর্জন করেছেন।
গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলায় নিহত হন সাবেক সর্বোচ্চ নেতা আলি খামেনি। এরপর কার্যত সর্বোচ্চ নেতৃত্বের দায়িত্বে আসেন লারিজানি এবং তার অধীনেই ইরান যুদ্ধ পরিচালিত হচ্ছিল। জানা যায়, খামেনি মৃত্যুর আগে লারিজানিকেই তার উত্তরসূরি হিসেবে দায়িত্ব পালনের নির্দেশ দিয়ে গিয়েছিলেন।
