যুক্তরাষ্ট্র আলোচনা থেকে সরতে অজুহাত খুঁজছে: ইরান
কাগজ ডেস্ক
প্রকাশ: ১২ এপ্রিল ২০২৬, ১১:৩৯ এএম
ছবি : সংগৃহীত
যুক্তরাষ্ট্র শান্তি আলোচনা থেকে সরে যাওয়ার জন্য অজুহাত খুঁজছিল বলে অভিযোগ করেছে ইরান। পাকিস্তানে অবস্থানরত ইরান প্রতিনিধিদলের একটি সূত্র ফার্স নিউজ এজেন্সিকে জানিয়েছে, যুক্তরাষ্ট্র আলোচনা টেবিল ছেড়ে যাওয়ার জন্য ‘অজুহাত খুঁজছিল’।
সূত্রটি জানায়, আন্তর্জাতিক অঙ্গনে নিজেদের ক্ষতিগ্রস্ত ভাবমূর্তি পুনরুদ্ধারের জন্য যুক্তরাষ্ট্রের এই আলোচনা প্রয়োজন ছিল। তবে ইরানের সঙ্গে যুদ্ধে অচলাবস্থা ও ব্যর্থতা থাকা সত্ত্বেও তারা নিজেদের প্রত্যাশা কমাতে রাজি হয়নি। পরবর্তী দফার আলোচনার কোনো পরিকল্পনা ইরানের নেই। খবর আল-জাজিরার।
এদিকে পাকিস্তানে অনুষ্ঠিত ঐতিহাসিক শান্তি আলোচনায় কোনো সমঝোতায় পৌঁছাতে পারেনি যুক্তরাষ্ট্র ও ইরান। ‘ব্যর্থ সংলাপ’ শেষে ইরানের সঙ্গে কোনো শান্তি চুক্তি ছাড়াই পাকিস্তান ত্যাগ করেছেন যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স।
আরো পড়ুন : ইরানে অভিযান এখনও শেষ হয়নি: নেতানিয়াহু
শান্তির লক্ষ্যে আয়োজিত ‘ইসলামাবাদ সংলাপ’ শেষে সমঝোতায় পৌঁছাতে না পারার জন্য একে অপরকে দায়ী করেছে যুক্তরাষ্ট্র ও ইরান।
ত্রিপক্ষীয় দীর্ঘ বৈঠক শেষে পাকিস্তান ছাড়ার আগে ইসলামাবাদে আয়োজিত সংবাদ সম্মেলনে জেডি ভ্যান্স বলেন, যুক্তরাষ্ট্র নমনীয়তা ও সৎ উদ্দেশ্য নিয়ে আলোচনায় অংশ নিয়েছিল। তবে দুঃখজনকভাবে কোনো সমঝোতায় পৌঁছানো সম্ভব হয়নি।
অন্যদিকে, ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাগাই বলেন, এই কূটনৈতিক প্রক্রিয়ার সফলতা নির্ভর করছে বিপরীত পক্ষের আন্তরিকতা, সদিচ্ছা ও সৎ অবস্থানের ওপর।
তিনি ওয়াশিংটনকে ‘অতিরিক্ত ও অবৈধ দাবি’ থেকে বিরত থেকে ইরানের ‘বৈধ অধিকার ও স্বার্থ’ মেনে নেওয়ার আহ্বান জানান।
