পূর্বধলায় অনিয়ম, কারচুপির অভিযোগে ফল বাতিল ও ভোট পুনঃগণনার দাবি বিএনপির
তিলক রায় টুলু ,পূর্বধলা (নেত্রকোনা) থেকে
প্রকাশ: ১৫ ফেব্রুয়ারি ২০২৬, ০২:১১ পিএম
ছবি: প্রতিনিধি
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নেত্রকোনা-৫ পুর্বধলা আসনে ব্যাপক অনিয়ম, কারচুপি ও প্রশাসনিক হস্তক্ষেপের অভিযোগ এনে ফলাফল বাতিল ও সব কেন্দ্রের ভোট পূণঃগণনার দাবি জানিয়ে সংবাদ সম্মেলন করেছেন পূর্বধলা উপজেলা বিএনপি। শনিবার (১৪ফেব্রুয়ারি) দুপুর পর পূর্বধলা প্রেসক্লাবে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
উপজেলা বিএনপির আহবায়ক ও ধানের শীষ প্রতীকের প্রার্থী আবু তাহের তালুকদার লিখিত বক্তব্য পাঠ করেন। এ সময় তিনি জানান ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত নির্বাচনে প্রশাসন ও সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রত্যক্ষ ও পরোক্ষ মদদে বিভিন্ন কেন্দ্রে অস্বাভাবিক হারে ভোট বাতিল, ফলাফর শিটে গড়মিল, ভোট গ্রহণে কৃত্রিম স্থবিরতা সৃষ্টি, জাল ভোট ও সূক্ষ্ম কারচুপি হয়েছে।
বিশেষ করে উপজেলার মেঘশিমুল সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে (কেন্দ্র নং-১০) বিকাল ৩ টায় দিকে প্রিসাইডিং কর্মকর্তা ভোট গ্রহণ বন্ধ করে বুথের বাইরে চলে যান। পরে প্রশাসনের হস্তক্ষেপে বিকাল ৪-২০ মিনিটে সীমিত সময়ের জন্য তা আবার পূনরায় চালু করা হয়। একই কেন্দ্রে ভোটারদের পরিচয় যাচাই ছাড়াই ব্যালট পেপার সরবরাহের অভিযোগও তোলেন তিনি।
আলমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র (কেন্দ্রনং৭৯) এ কেন্দ্রে ভোট গণনা শেষ হবার আগেই বিএনপির এজেন্টকে ফলাফল শিটে স্বাক্ষর দিতে চাপ দেওয়া হয় বলে দাবি করেন আবু তাহের তালুকদার। স্বাক্ষর দিতে অস্বীকৃতি জানালে প্রশাসনের মাধ্যমে তাকে স্বাক্ষর করতে বাধ্য করা হয়েছে বলেও অভিযোগ করেন তিনি।
এ ছাড়া মেঘশিমুল উচ্চ বিদ্যালয় কেন্দ্র (কেন্দ্রনং-১৪) এ কেন্দ্রে পরিকল্পিত ভাবে ছয়টি বুথের পরিবর্তে ৪ টি বুথ স্থাপন করায় দীর্ঘ লাইন তৈরী করা হয়েছে যাতে ধীর গতিতে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। ফলে অনেক নারী ও বয়ঃবৃদ্ধ অনেকেই ভোট না দিয়ে বাড়িতে চলে যান বলেও অভিযোগ করেন তিনি।
মেঘশিমুল, দুধী, মনাকান্দা, কাপাসিয়া, কৈলাটি, বেরাইল, ও লেডিরকান্দা এলাকার বিভিন্ন কেন্দ্রে বিএনপি সমর্থিত ভোটারদের উপর লাটিচার্জ করে বের করে দেয়া হয়েছে। জারিয়া ইউনিয়ন বিএনপি সভাপতি সোলায়মানকে আটক করা হয়। যা ভোটারদের মধ্যে আতঙ্ক সৃষ্টি করেছে বলে মন্তব্য করেন তিনি।
সংবাদ সম্মেলনে আরো জানানো হয় সহকারী রিটানিং কর্মকর্তার ঘোষিত ফল অনুযায়ী ধানের শীষ ও দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থীর মধ্যে ভোটের ব্যবধান ২ হাজার ৫৬৩ । তবে বিএনপির প্রার্থীর দাবি উল্লেখিত অনিয়ম না হলে এ ব্যবধান কাটিয়ে তার বিজয় নিশ্চিত ছিল। সহকারী রিটানিং কর্মকর্তা শিটে প্রদর্শিত ফলাফলের অসংগতি রয়েছে।
সংবাদ সম্মেলনে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক আলহাজ¦ বাবুল আলম তালুকদার, জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি মোঃ আব্দুর রহিম তালুকদার, যুগ্ম আহবায়ক মোঃ হাবিবুর রহমান ফকির, সায়েদ আল মামুন শহীদ ফকির ও ইশতিয়াক আহমেদ বাবু প্রমুখ।
উল্লেখ্য, নেত্রকোনা-৫ (পূর্বধলা) আসনে জামায়াতের প্রার্থী মাছুম মোস্তফাকে বেসরকারিভাবে বিজয়ী ঘোষণা করা হয়েছে। দাঁড়াপাল্লা প্রতীকে তিনি ভোট পেয়েছেন ৮২ হাজার ১৭৭ ভোট। রির্টানিং কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা যায়, মাছুম মোস্তফা ৮২ হাজার ১৭৭ ভোট পেয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির প্রার্থী আবু তাহের তালুকদার পেয়েছেন ৭৯ হাজার ৪১২ ভোট। মাছুম মোস্তফা ২ হাজার ৭৬৫ ভোটের ব্যবধানে জয়ী হয়েছেন।
