হাম পরিস্থিতি
ময়মনসিংহ মেডিকেলে ২৪ ঘণ্টায় ২৪ শিশু ভর্তি
কাগজ ডেস্ক
প্রকাশ: ০৪ এপ্রিল ২০২৬, ১২:০৩ পিএম
ছবি: সংগৃহীত
ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের হাম আইসোলেশন ওয়ার্ডে গত ২৪ ঘণ্টায় হামের লক্ষণ নিয়ে নতুন করে আরো ২৪ শিশু ভর্তি হয়েছে। বর্তমানে হাসপাতালটিতে চিকিৎসাধীন রয়েছে ৬৭ শিশু।
শনিবার (৪ এপ্রিল) সকাল ৯টা পর্যন্ত গত ২৪ ঘণ্টার এই পরিসংখ্যান নিশ্চিত করেছে হাসপাতাল কর্তৃপক্ষ।
কর্তৃপক্ষ জানায়, গত ১৭ মার্চ থেকে এ পর্যন্ত হামের লক্ষণ নিয়ে মোট ২০৫ শিশু হাসপাতালে ভর্তি হয়েছে। এর মধ্যে ১৩২ শিশু চিকিৎসা শেষে সুস্থ হয়ে ছাড়পত্র পেয়েছে। একই সময়ে ৬ শিশুর মৃত্যু হয়েছে। বর্তমানে চিকিৎসাধীন রয়েছে ৬৭ শিশু। গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়ে আরও ২৩ শিশু হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছে।
হাসপাতাল সূত্র জানায়, চলতি বছরের ফেব্রুয়ারি থেকে শিশু বিভাগে হামের লক্ষণ নিয়ে এক-দুজন করে রোগী ভর্তি হতে শুরু করে। তবে মার্চের মাঝামাঝি সময় থেকে রোগীর সংখ্যা বাড়তে থাকে। পরিস্থিতি সামাল দিতে হাসপাতালের ৬৪ শয্যাবিশিষ্ট পৃথক আইসোলেশন ওয়ার্ডে তিনটি মেডিকেল টিম গঠন করে চিকিৎসা দেওয়া হচ্ছে।
ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের সহকারী পরিচালক (প্রশাসন) মোহাম্মদ মাইনউদ্দিন খান বলেন, গত ২৪ ঘণ্টায় ২৪ শিশু ভর্তি হয়েছে। এ সময় কোনো মৃত্যুর ঘটনা না ঘটলেও হামের লক্ষণ নিয়ে রোগী আসা অব্যাহত রয়েছে। হাসপাতাল কর্তৃপক্ষ সর্বোচ্চ সতর্ক অবস্থায় চিকিৎসাসেবা দিচ্ছে বলেও তিনি জানান।
