রামেক হাসপাতালে হামে তিনজনের মৃত্যু
কাগজ ডেস্ক
প্রকাশ: ০৪ এপ্রিল ২০২৬, ০১:৩৪ পিএম
ছবি: সংগৃহীত
গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে তিনজন শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে এই হাসপাতালে হাম উপসর্গ নিয়ে ৩৮ জন শিশুর মৃত্যু হলো।
শনিবার(০৪ এপ্রিল) দুপুরে হাসপাতালের মুখপাত্র ডা. শংকর কে বিশ্বাসের পাঠানো বার্তায় এ তথ্য নিশ্চিত করা হয়েছে।
বার্তায় জানা গেছে, শুক্রবার (০৩ এপ্রিল) দুপুর থেকে শনিবার (০৪ এপ্রিল) দুপুর ১২টা পর্যন্ত হামের উপসর্গ নিয়ে চিকিৎসাধীন তিন শিশু মারা গেছে। এ নিয়ে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে মোট ৩৮ শিশু মারা গেছে।
তিনিারো জানান, গত ২৪ ঘন্টায় নতুন করে রোগী ভর্তি রয়েছে ২৫ জন। এদিন হাসপাতালে হামের চিকিৎসাধীন শিশু ভর্তি রয়েছে ১৪৯ জন। চিকিৎসা শেষে বাড়ি ফিরেছে ৩ জন।
শনিবার (০৪ এপ্রিল) বেলা ১১টায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের শিশু বিভাগ ও আইসিইউ পরিদর্শন করেছেন সিটি করপোরেশনের প্রশাসক মাহফুজুর রহমান রিটন ও জেলা প্রশাসক কাজী শহিদুল ইসলাম। এসময় তারা হামের উপসর্গে আক্রান্ত শিশুদের চিকিৎসার খোঁজ-খবর নেন।
তিনি বলেন, হামের রোগীদের সুচিকিৎসা ও আইসিইউ বেড বাড়ানোর ব্যাপারে সরকার বদ্ধ পরিকর। এ ব্যাপারে সিটি করপোরেশনও নানাভাবে সহযোগিতা করছে। তিনি জানান, রাজশাহী সিটি করপোরেশনের ৩০টি ওয়ার্ডে নিয়মিত টিকা কার্যক্রম চলছে। আগামীকাল রোববারের ক্যাম্পেইনের জন্য ৬৪টি স্থানে ৮ হাজার ডোজ টিকা মজুত আছে। সরকারের নির্দেশনা মোতাবেক সেগুলো প্রদান করা হবে।
উল্লেখ্য, এ নিয়ে ফেব্রুয়ারি থেকে এ পর্যন্ত হাসপাতালে হামের উপসর্গ নিয়ে মোট রোগী ভর্তি হয়েছে ৩৭৭ জন।
