মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রীর সঙ্গে জাতিসংঘের আবাসিক প্রতিনিধির সাক্ষাৎ
কাগজ প্রতিবেদক
প্রকাশ: ২০ মে ২০২৪, ০৮:২৬ পিএম
ছবি: ভোরের কাগজ
মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী সিমিন হোসেন (রিমি) এমপির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন জাতিসংঘের আবাসিক প্রতিনিধি গুয়েন লুইস।
সোমবার (২০ মে) বাংলাদেশ সচিবালয়ে প্রতিমন্ত্রীর অফিসকক্ষে সাক্ষাতে মিলিতো হন জাতিসংঘের আবাসিক প্রতিনিধি।
তৃতীয় লিঙ্গ জনগোষ্ঠীদের উন্নয়ন প্রসঙ্গে লুইস উদ্বিগ্নতা ব্যক্ত করলে প্রতিমন্ত্রী আশ্বস্ত করে বলেন, তৃতীয় লিঙ্গের জনগোষ্ঠীর নির্দিষ্ট সংখ্যা আমাদের হাতে নেই। তাদের একটি সুস্পষ্ট পরিসংখ্যান করা হচ্ছে। তাদের উন্নয়নের জন্য সমাজকল্যাণ মন্ত্রণালয় বিভিন্ন উদ্যোগ গ্রহণ করেছে।
পরে লুইস নারী ও শিশুর জীবনমান উন্নয়নের অভূতপূর্ব পরিবর্তন হয়েছে উল্লেখ করে জেন্ডার সমতা ও নারীর ক্ষমতায়নে বিশেষ ভূমিকা রাখার জন্য মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের ভূয়সী প্রশংসা করেন। এছাড়া তিনি নারীর নিরাপত্তা, স্বাস্থ্যসেবা, শিক্ষা ও জীবন মান উন্নয়নে বাংলাদেশ সরকারের পাশে থাকার এবং উচ্ছ্বসিত কণ্ঠে নতুন করে কাজ শুরু করার অঙ্গীকার ব্যক্ত করেন।
সাক্ষাতে সামাজিক নিরাপত্তা, বাল্যবিবাহ, ডোমেস্টিক ভায়োলেন্স, নারী নির্যাতন, জেন্ডার বাজেট, মাতৃ-স্বাস্থ্য, কিশোর-কিশোরীদের জীবন দক্ষতা বৃদ্ধি, জলবায়ুর পরিবর্তন ও নারীর জীবন ঝুঁকিসহ নানান সামাজিক ইস্যুতে কথা হয়। নারী ও শিশু জীবনমান উন্নয়নে জাতিসংঘের ১৭টি সংস্থার মধ্যে সংযোগ স্থাপন, গোলটেবিল বৈঠক, জনপ্রতিনিধিদের উদ্যোগ এবং আন্ত-মন্ত্রণালয়ের মধ্যে যোগসূত্রের ওপর আলোকপাত করা হয়।
সৌজন্য সাক্ষাৎ প্রতিমন্ত্রী জেন্ডার ভিত্তিক সহিংসতা এবং বাল্যবিবাহ প্রতিরোধে ইউএন-এর সহযোগিতার জন্য ধন্যবাদ জানান এবং ভবিষ্যতে কাজ করার আশা ব্যক্ত করেন।
এসময় গুয়েন লুইসসহ উপস্থিত ছিলেন ইউএন উইমেন কান্ট্রি রিপ্রেজেন্টেটিভ গীতাঞ্জলি সিং এবং মহিলা ও শিশু বিষয়ক সচিব নাজমা মোবারেক।
