নির্যাতনের জবাব ব্যালটের মাধ্যমে দেবে নারীরা: ইসলামী ছাত্রীসংস্থা
কাগজ ডেস্ক
প্রকাশ: ০২ ফেব্রুয়ারি ২০২৬, ০৩:১৬ পিএম
ছবি: সংগৃহীত
ক্রমাগত নির্যাতন ও সহিংসতার জবাব নারীরা ব্যালটের মাধ্যমে দেবে বলে মন্তব্য করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) শাখা ইসলামী ছাত্রীসংস্থা। এ সময় তারা অভিযোগ করে বলেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনী প্রচারণার নামে ছাত্রদল ও বিএনপি নারীদের হেনস্তা করছে।
সোমবার (২ ফেব্রুয়ারি) দুপুরে ঢাবির রাজু ভাস্কর্যের সামনে এ কথা বলেন তারা।
রাজনীতির মাঠে নির্বাচনী প্রচারণার নামে নারীদের ওপর হামলা চালানো হচ্ছে অভিযোগ করে বক্তারা বলেন, ‘বিএনপি ও ছাত্রদলের কর্মীরা দৈহিক শক্তি কাজে লাগিয়ে নানানভাবে নারীদের হেনস্তা করা হচ্ছে। অথচ তারা এত বড় রাজনৈতিক দল হওয়ার পরও দলীয়ভাবে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে না, যা দুঃখজনক।
গাজীপুর, চট্টগ্রামসহ বেশ কিছু জায়গায় ছাত্রদলের বিরুদ্ধে নারীদের ওপর হামলা ও ধর্ষণের অভিযোগ এনে বিষয়টি জাতির জন্য লজ্জাজনক মন্তব্য করে তারা বলেন, ‘এসকল ঘটনায় দেশের প্রশাসন নীরব ভূমিকা পালন করছে। সকল ঘটনাগুলোর সুষ্ঠু বিচার করতে হবে।’
