সাবেক সচিব শহীদ খানের দেশত্যাগে নিষেধাজ্ঞা
কাগজ ডেস্ক
প্রকাশ: ০৩ ফেব্রুয়ারি ২০২৬, ০২:৫৭ পিএম
ফাইল ছবি
সন্ত্রাসবিরোধী আইনের মামলায় সাবেক সচিব আবু আলম মোহাম্মদ শহীদ খানের দেশত্যাগে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে।
ঢাকার মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজ সাব্বির ফয়েজ দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে আজ মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) এ আদেশ দেন।
আদালতের বেঞ্চ সহকারী রিয়াজ হোসেন জানান, শহীদ খানের দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে আবেদন করেন দুদকের সহকারী পরিচালক সাজ্জাদ হোসেন।
আবেদনে বলা হয়, আবু আলম মোহাম্মদ শহীদ খানের বিরুদ্ধে দুর্নীতি ও অর্থপাচারের অভিযোগের অনুসন্ধান চলছে। দুদক জেনেছে, অভিযোগ ওঠা ব্যক্তি বিদেশে পালাতে পারেন। সুষ্ঠু অনুসন্ধানের স্বার্থে তার বিদেশ গমন ঠেকানো দরকার।
গত ২৮ অগাস্ট ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে ‘মঞ্চ ৭১’- এর আয়োজনে মুক্তিযুদ্ধ ও সংবিধান নিয়ে এক আলোচনা সভায় ‘মব’ হামলার স্বীকার হন সাবেক মন্ত্রী, মুক্তিযোদ্ধা আব্দুল লতিফ সিদ্দিকীসহ কয়েকজন।
সেখান থেকে লতিফ সিদ্দিকীসহ ১৬ জনকে হেফাজতে নেয় পুলিশ। পরে তাদের শাহবাগ থানার সন্ত্রাস বিরোধী আইনের মামলায় গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠানো হয়।
৭ সেপ্টেম্বর আবু আলম মোহাম্মদ শহীদ খানকে বাসা থেকে গ্রেপ্তার করে পুলিশ বলেছিল, তিনিও ওই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এবং ‘সরকাবিরোধী ষড়যন্ত্রের’ সঙ্গে যুক্ত ছিলেন।
