×

জাতীয়

এবার অর্ধেকে নেমেছে কোটিপতি প্রার্থীর সংখ্যা

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০৭ ফেব্রুয়ারি ২০২৬, ০৪:৪৯ পিএম

এবার অর্ধেকে নেমেছে কোটিপতি প্রার্থীর সংখ্যা

ছবি: সংগৃহীত

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সংসদ সদস্য পদে কোটিপতি প্রার্থীর সংখ্যা গেল নির্বাচনের তুলনায় প্রায় অর্ধেকে নেমেছে। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে যেখানে বছরে ১ কোটি টাকার বেশি আয় করা প্রার্থীর হার ছিল ৮.৭৭ শতাংশ, এবারে তা নেমে এসেছে ৪.৫৯ শতাংশে।

শনিবার (৭ ফেব্রুয়ারি) সকালে রাজধানীর জাতীয় প্রেস ক্লাবে সুশাসনের জন্য নাগরিক (সুজন) আয়োজিত ‘নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতাকারী প্রার্থীদের তথ্য উপস্থাপন’ শীর্ষক এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়।

সেখানে আরও জানানো হয়, এবারের নির্বাচনে অংশ নেওয়া প্রার্থীদের বড় একটি অংশ আর্থিকভাবে স্বল্প আয়ের। নির্বাচন কমিশনে দাখিল করা হলফনামা বিশ্লেষণে দেখা গেছে, এবারের নির্বাচনে অংশ নেওয়া মোট ২ হাজার ২৬ জন প্রার্থীর মধ্যে ৮৩২ জনের বার্ষিক আয় ৫ লাখ টাকার কম, যা মোট প্রার্থীর ৪১.০৬ শতাংশ।

নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী, স্বল্প আয়ের এই প্রার্থীদের পাশাপাশি আরো ৭৪১ জন প্রার্থীর বার্ষিক আয় ৫ লাখ ১ টাকা থেকে ২৫ লাখ টাকার মধ্যে, যা মোট প্রার্থীর ৩৬ দশমিক ৫৭ শতাংশ। অর্থাৎ মোট প্রার্থীদের প্রায় ৪ ভাগের ৩ ভাগের বার্ষিক আয় ২৫ লাখ টাকার নিচে।

বিশ্লেষণে দেখা যায়, ২৫ লাখ থেকে ৫০ লাখ টাকা আয় করেন ১৩২ জন প্রার্থী (৬.৫১%)। ৫০ লাখ থেকে ১ কোটি টাকা আয় করেন ৭১ জন (৩.৫০%)। আর ১ কোটির বেশি আয় উল্লেখ করেছেন মাত্র ৯৫ জন প্রার্থী, যা মোটের ৪.৫৯ শতাংশ।

এ ছাড়া ১৫৫ জন প্রার্থী আয়সংক্রান্ত তথ্য অসম্পূর্ণ বা উল্লেখ করেননি, যা মোট প্রার্থীর ৭.৬৫ শতাংশ। বিশ্লেষকদের মতে, আয় গোপন বা অসম্পূর্ণ তথ্য রাজনৈতিক স্বচ্ছতা নিয়েও প্রশ্ন তৈরি করছে।

দলভিত্তিক বিশ্লেষণে দেখা যায়, স্বল্প আয়ের প্রার্থীর সংখ্যা সবচেয়ে বেশি কিছু বড় ও মাঝারি রাজনৈতিক দলে। একই সঙ্গে স্বতন্ত্র প্রার্থীদের মধ্যেও কম আয়ের অংশ উল্লেখযোগ্য।

অন্যদিকে ১ কোটির বেশি আয় করা প্রার্থীদের মধ্যে সর্বাধিক ৫১ জন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের, এরপর স্বতন্ত্র প্রার্থী ২৫ জন এবং জাতীয় পার্টির প্রার্থী রয়েছেন ৫ জন। এই তথ্য রাজনৈতিক দলগুলোর আর্থিক বৈষম্যের চিত্রও তুলে ধরে বলে মনে করছেন বিশ্লেষকরা।

বিশেষজ্ঞরা বলছেন, এটি একদিকে রাজনীতিতে মধ্য ও নিম্ন আয়ের মানুষের অংশগ্রহণের ইঙ্গিত দিলেও, অন্যদিকে নির্বাচনী ব্যয় ও প্রকৃত আয়ের সঙ্গে হলফনামায় ঘোষিত আয়ের সামঞ্জস্য নিয়েও প্রশ্ন তোলে। তাদের মতে, আয় কম হলেও অনেক প্রার্থীর ব্যয় ও সম্পদের পরিমাণ তুলনামূলক বেশি, যা নির্বাচনী রাজনীতিতে অর্থের অপ্রকাশ্য ভূমিকার দিকটি সামনে আনে। তারা বলছেন, হলফনামা সংস্কার ও কঠোর যাচাই ছাড়া প্রকৃত আর্থিক চিত্র পাওয়া কঠিন।

উল্লেখ্য, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দেশের ৩০০ আসনে মোট ২ হাজার ৩২ জন চূড়ান্ত প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। নির্বাচন কমিশনের বিধি অনুযায়ী, প্রত্যেক প্রার্থীকে আয়, সম্পদ, দায়-দেনা ও মামলার তথ্য হলফনামায় উল্লেখ করতে হয়।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সিলেটের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ

সিলেটের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ

কুষ্টিয়া কারাগারে ফাঁস দিয়ে হাজতির আত্মহত্যা

কুষ্টিয়া কারাগারে ফাঁস দিয়ে হাজতির আত্মহত্যা

১৩০টি ভোট কেন্দ্রে সিসি ক্যামরার সাথে থাকছে পুলিশের বডিওর্ন ক্যামরা

চকরিয়ায় ভোট কেন্দ্রে কঠোর নিরাপত্তা ১৩০টি ভোট কেন্দ্রে সিসি ক্যামরার সাথে থাকছে পুলিশের বডিওর্ন ক্যামরা

মার্কিন ঘাঁটিতে আঘাতের হুমকি ইরানের

মার্কিন ঘাঁটিতে আঘাতের হুমকি ইরানের

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App