১৩৫৯৯ শিক্ষাপ্রতিষ্ঠানে অধ্যক্ষ-প্রধান শিক্ষক নিয়োগ, আবেদন করবেন যেভাবে
কাগজ ডেস্ক
প্রকাশ: ০৮ ফেব্রুয়ারি ২০২৬, ০১:০৯ পিএম
ছবি : সংগৃহীত
বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের অধ্যক্ষ, উপাধ্যক্ষ, প্রধান শিক্ষক ও সুপারসহ মোট ১৩ হাজার ৫৯৯টি প্রশাসনিক পদে নিয়োগের লক্ষ্যে ‘৮ম এনটিআরসিএ নিয়োগ পরীক্ষা–২০২৬’-এর অনলাইন আবেদন শুরু হয়েছে।
গত বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) আবেদনপ্রক্রিয়া শুরু হয়, যা চলবে আগামী ১৯ ফেব্রুয়ারি রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত। আবেদন ফি জমা দেওয়া যাবে ২০ ফেব্রুয়ারি রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত।
নতুন জনবল কাঠামো ও এমপিও নীতিমালা–২০২৬ অনুযায়ী কারিগরি ও মাদরাসা শিক্ষা অধিদপ্তরের অনলাইন প্ল্যাটফরম হালনাগাদের সুবিধার্থে সময়সূচি পুনর্নির্ধারণ করেছে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ)। এনটিআরসিএর পরিচালক (পরীক্ষা মূল্যায়ন ও প্রত্যয়ন) তাসনিম জেবিন বিনতে শেখ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদরাসা শিক্ষা বিভাগ গত ২ ফেব্রুয়ারি সংশ্লিষ্ট নতুন জনবল কাঠামো ও এমপিও নীতিমালা প্রকাশ করেছে। এর আলোকে এনটিআরসিএর নিয়োগ পরীক্ষার অনলাইন আবেদন প্ল্যাটফরম হালনাগাদের কাজ চলমান রয়েছে।
আরো পড়ুন : নির্বাচন নিরাপত্তায় আজ থেকে সারাদেশে মাঠে নামছে আইনশৃঙ্খলা বাহিনী
এনটিআরসিএর তথ্য অনুযায়ী, মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের (মাউশি) অধীন স্কুল ও কলেজে অধ্যক্ষ, উপাধ্যক্ষ, প্রধান শিক্ষক ও সহকারী প্রধান শিক্ষক পদে মোট ১০ হাজার ২৭৮টি শূন্যপদ রয়েছে। এর মধ্যে স্নাতক (পাস) কলেজে অধ্যক্ষ ৫৮৪টি এবং উপাধ্যক্ষ ৬২৭টি, উচ্চ মাধ্যমিক কলেজে অধ্যক্ষ ৭৬৮টি, মাধ্যমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক ৩ হাজার ৯২৩টি এবং সহকারী প্রধান শিক্ষক ৩ হাজার ৮৭২টি শূন্যপদ রয়েছে। এছাড়া নিম্নমাধ্যমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষকের শূন্যপদ ৫০৪টি।
মাদরাসা শিক্ষা অধিদপ্তরের আওতাধীন বিভিন্ন প্রতিষ্ঠানে অধ্যক্ষ, উপাধ্যক্ষ, সুপার ও সহকারী সুপারের মোট ৩ হাজার ১৩১টি শূন্যপদ রয়েছে। এর মধ্যে কামিল মাদরাসায় অধ্যক্ষ ৩৪টি ও উপাধ্যক্ষ ৫৩টি, ফাজিলে অধ্যক্ষ ২০২টি ও উপাধ্যক্ষ ৩৪৩টি, আলিমে অধ্যক্ষ ২১৯টি ও উপাধ্যক্ষ ৩৭৭টি শূন্যপদ রয়েছে। দাখিল মাদরাসায় সুপার পদে ৮৯১টি এবং সহকারী সুপার পদে ১ হাজার ৪টি শূন্যপদ রয়েছে।
কারিগরি শিক্ষা অধিদপ্তরের অধীন শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতেও প্রতিষ্ঠানপ্রধানের ১৯০টি পদ শূন্য রয়েছে। এর মধ্যে ব্যবসায় ব্যবস্থাপনা শিক্ষাপ্রতিষ্ঠানে অধ্যক্ষ ১১০টি, ভোকেশনালে সুপার ৪০টি এবং সহকারী সুপার ৪০টি পদ রয়েছে।
অপর এক বিজ্ঞপ্তিতে এনটিআরসিএ জানায়, যোগ্য ও আগ্রহী প্রার্থীদের http://ngi.teletalk.com.bd ওয়েবসাইটে নির্ধারিত ফরম পূরণ করে অনলাইনে আবেদন করতে হবে। বিস্তারিত বিজ্ঞপ্তি পাওয়া যাবে এনটিআরসিএর ওয়েবসাইট https://ntrca.gov.bd এবং টেলিটকের ওয়েবসাইটে।
আবেদন করতে প্রার্থীকে নিজের শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা অনুযায়ী উপযুক্ত পদ নির্বাচন করে অনলাইন ফরম পূরণ করতে হবে। আবেদনপত্রের সঙ্গে সদ্য তোলা রঙিন ছবি (৩০০×৩০০ পিক্সেল, সাদা ব্যাকগ্রাউন্ড) এবং স্বাক্ষরের স্ক্যান কপি (৩০০×৮০ পিক্সেল) আপলোড করতে হবে।
সফলভাবে আবেদনপত্র জমা দেওয়ার পর প্রার্থীরা একটি ইউজার আইডি পাবেন। ওই ইউজার আইডি ব্যবহার করে যেকোনো টেলিটক প্রিপেইড নম্বর থেকে দুই ধাপে এসএমএসের মাধ্যমে ৩৫০ টাকা ফি জমা দিতে হবে। আবেদন জমা দেওয়ার ২৪ ঘণ্টার মধ্যে ফি পরিশোধ করতে হবে।
