সারাদেশে টিসিবির পণ্য নিতে ভিড়
কাগজ ডেস্ক
প্রকাশ: ১৯ ফেব্রুয়ারি ২০২৬, ০৭:২২ পিএম
ছবি: সংগৃহীত
রাজধানীসহ সারাদেশে কমদামে টিসিবির পণ্য নিতে মানুষের ভিড় লক্ষ্য করা গেছে। রোজা শুরু হওয়ার দিন রাজধানীর ঢাকাসহ সকল জেলার বিভিন্ন স্থানে ট্রাকে করে তেল-চিনি-ডাল ও ছোলা-খেজুর বিক্রি করেছে টিসিবি। নিত্যপণ্যের চড়া বাজারের পরিস্থিতিতে অল্প দামে এসব খাদ্যপণ্য পেতে ট্রাকের পেছনে দেখা যায় শত শত মানুষের লম্বা লাইন। কাঠফাটা রোদে তাদের ঘণ্টার পর ঘণ্টা দাঁড়িয়ে থাকতে হয়েছে সিরিয়াল মেনে।
এদিকে নওগাঁ শহরের আনন্দনগর এলাকার আছিয়া বেওয়া (৭০)। বয়সের ভারে ন্যুব্জ আছিয়া ঠিকমতো হাঁটতে পারেন না। টিসিবির ট্রাক থেকে কম দামে সয়াবিন তেল, মসুর ডাল, চিনি, ছোলা ও খেজুর কিনতে লাঠিতে ভর দিয়ে এসেছিলেন তিনি। কিন্তু ট্রাকের পেছনে তখন অন্তত চার শ মানুষ। ভিড়ের মধ্যে ধাক্কাধাক্কিতে কয়েকবার সারি থেকে ছিটকে পড়েন তিনি। শেষ পর্যন্ত তাঁর জায়গা হয় সারির পেছনে।
দীর্ঘ লাইনে ক্রেতা
আজ বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) সকাল ৯টা থেকে অন্যদের সঙ্গে আনন্দনগর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে অপেক্ষা করছিলেন আছিয়া বেওয়া। দুপুর সাড়ে ১২টার দিকে কয়েকজন পুলিশ এসে অপেক্ষমাণ লোকজনদের জানায়, টিসিবির ট্রাক আসবে আনন্দনগর খেলার মাঠে। খবর পেয়ে অপেক্ষমাণ লোকজন হুড়মুড় করে বিদ্যালয়ের মাঠ থেকে প্রায় ২০০ মিটার দূরে খেলার মাঠে ছোটেন।
শুক্র ও শনিবার ছাড়া সপ্তাহে পাঁচ দিন নওগাঁ শহরের একটি পয়েন্টে ট্রাকে করে তেল, মসুর ডাল, চিনি, ছোলা ও খেজুর বিক্রি করা হচ্ছে। এবার প্রতিটি ট্রাক থেকে একসঙ্গে ৪০০ জন সাশ্রয়ী মূল্যে পণ্য কিনতে পারছেন। গত বছর নওগাঁ পৌর এলাকায় প্রতিদিন ৫টি পয়েন্টে ৪০০ জনের কাছে পণ্য বিক্রি করা হয়েছিল।
এদিকে বরিশালেও টিসিবির সাশ্রয়ী মূল্যের পণ্য বিক্রি কার্যক্রম চলছে। বৃহস্পতিবার দুপুর থেকে বরিশালে ট্রাক সেলের মাধ্যমে ভোজ্য তেল, চিনি, ডাল, ছোলা এবং খেজুর বিক্রি করা হয়। এসব পণ্য কিনতে আসেন শতশত মানুষ। দীর্ঘ হয় লাইন, যার মধ্যে অধিকাংশই নারী।
একজন ক্রেতা সর্বোচ্চ দুই লিটার সয়াবিন তেল, এক কেজি চিনি, দুই কেজি ডাল, এক কেজি ছোলা এবং ৫০০ গ্রাম খেজুর কিনতে পারছেন। এই কার্যক্রম আগামী ১২ মার্চ পর্যন্ত চলবে।
সরেজমিন বরিশাল নগরীর ৪ নম্বর ওয়ার্ডের টিভির মাঠ এলাকায় দেখা যায়, ট্রাকে করে টিসিবির পণ্য বিক্রি করা হচ্ছে। পণ্য কিনতে প্রায় পাঁচ শতাধিক লোক ভিড় জমিয়েছে, যার মধ্যে অধিকাংশই নারী।
কথা হয় সাহিদা আক্তার নামের এক ক্রেতার সঙ্গে। সাহিদা বলেন, দেড় কিলোমিটার পথ হেঁটে টিসিবির পণ্য ক্রয় করতে এসেছি। কারণ ৫৯০ টাকায় যে পণ্য এখান থেকে ক্রয় করা যাচ্ছে, তা দোকান থেকে কিনতে দ্বিগুণ লাগবে। তিনি জানান, প্রায় এক ঘণ্টা লাইনে দাঁড়িয়ে তিনি পণ্য পেয়েছেন।
টিসিবি সূত্র জানায়, প্রতিটি ট্রাক থেকে ৫৯০ টাকায় ৫ ধরনের পণ্যের প্যাকেজ বিক্রি করা হচ্ছে। এর মধ্যে আছে দুই লিটার ভোজ্যতেল, দুই কেজি মসুর ডাল, এক কেজি চিনি, এক কেজি ছোলা ও আধা কেজি খেজুর। প্যাকেজের সব পণ্য একসঙ্গে নিতে হচ্ছে। সারাদেশেই চলছে টিসিবির কম দামে পণ্য বিক্রির কার্যক্রম।
