রাষ্ট্রপতির প্রেস সচিব পদে সারওয়ার আলমের পুনঃনিয়োগ
কাগজ ডেস্ক
প্রকাশ: ২৪ ফেব্রুয়ারি ২০২৬, ০৯:৪৬ পিএম
ছবি: মো. সারওয়ার আলম
সাবেক সচিব মো. সারওয়ার আলমকে এক বছরের জন্য চুক্তিভিত্তিকভাবে রাষ্ট্রপতির প্রেস সচিব হিসেবে পুনরায় নিয়োগ দেওয়া হয়েছে।
মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) সন্ধ্যায় জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে এই তথ্য জানানো হয়।
প্রজ্ঞাপনে বলা হয়, সরকারি চাকরি আইন, ২০১৮-এর ৪৯ ধারা অনুযায়ী এ নিয়োগ প্রদান করেছে সরকার। শর্ত হিসেবে তাকে সরকারি, আধা-সরকারি বা বেসরকারি কোনো প্রতিষ্ঠানের অন্য কোনো পেশা, ব্যবসা বা চাকরির সঙ্গে সম্পৃক্ততা ত্যাগ করতে হবে।
প্রজ্ঞাপনে আরও বলা হয়, যোগদানের তারিখ থেকে তার চুক্তিভিত্তিক নিয়োগ কার্যকর হবে।
১৯৮৪ সালের বিসিএস তথ্য ক্যাডার কর্মকর্তা সারওয়ার আলম সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার উপ-প্রেস সচিব হিসেবেও দায়িত্ব পালন করেছেন।
নব্বইয়ের দশকের শুরুতে তিনি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য কর্মকর্তা ছিলেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভূগোল ও পরিবেশ বিজ্ঞান বিভাগ থেকে প্রথম শ্রেণিতে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন।
