চাটমোহর মহিলা কলেজের ১২ শিক্ষকের নামে লিগ্যাল নোটিশ
চাটমোহর (পাবনা) প্রতিনিধি
প্রকাশ: ০২ মার্চ ২০২৬, ০২:১০ পিএম
ছবি: সংগৃহীত
চাকুরীর মেয়াদ শেষ হবার পরেও কৌশলে শিক্ষকদের অনুমতি ব্যতিরেকে পকেট গভর্নির বডির সদস্যদের ম্যানেজ করে বর্ধিত দায়িত্বপ্রাপ্ত অধ্যক্ষ শরীফ মাহমুদ সরকার সঞ্জু নানান অভিযোগে চাটমোহর মহিলা কলেজের ১২ জন শিক্ষকের নামে ১৩ টি লিগ্যাল নোটিশ পাঠিয়েছেন।
ঘটনাটি নিয়ে শিক্ষকদের মধ্যে চরম ক্ষোভের সৃষ্টি হয়েছে । অভিভাবকরা ক্ষমতালোভী অধ্যক্ষের এ ঘটনায় সুষ্ঠু শিক্ষা কার্যক্রম ব্যাহত হবার আশঙ্কা প্রকাশ করেছেন।
এ ব্যাপারে লিগ্যাল নোটিশ প্রাপ্ত একাধিক শিক্ষক জানান, আমরা আইনগতভাবে বিষয়টি মোকাবেলা করবো। তবে আইনজীবীর মাধ্যমে প্রেরিত নোটিশে অনেক মিথ্যাচার পরিলক্ষিত হয়েছে। মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালনে মো. শরীফ মাহমুদ সঞ্জুর উদাসীনতা এবং সমন্বয়হীনতার কারণে আমরা শিক্ষকদের সাথে পরামর্শক্রমে শহীদ দিবস উদযাপনে কর্মসূচি বাস্তবায়ন করি। আমরা উকিল নোটিশের জবাব দিয়েছি। অধ্যক্ষর অপসারণে আমরা কঠোর কর্মসূচি ঘোষণা করবো।
আরো পড়ুন: ধর্ম মন্ত্রণালয়ের সচিব হলেন মুন্সী আলাউদ্দিন আল আজাদ
জানা গেছে, গত ৩১শে জানুয়ারি অধ্যক্ষ শরীফ মাহমুদ সরকার সঞ্জুর চাকুরীর মেয়াদ শেষ হবার কারণে অন্যান্য শিক্ষকদের বঞ্চিত করে কৌশলে তার চাকুরির মেয়াদ ৬ মাস বর্ধিতকরণে আবেদন করলে সংশ্লিষ্ট দপ্তর ৯০ দিনের মেয়াদ (অবৈতনিক) বৃদ্ধি করে। বিষয়টি জানাজানি হবার পরে শিক্ষকদের মধ্যে ক্ষোভের সঞ্চার হয়। সংক্ষুব্ধ শিক্ষকরা কলেজে তালা ঝুলিয়ে দেয়। অধ্যক্ষর পদ আঁকড়ে থাকার বিষয়টি নিয়ে জনমনেও নানা আলোচনা,সমালোচনা এবং গুঞ্জনের সৃষ্টি হয়েছে। অনেক প্রবীণ শিক্ষাবিদ মনে করছেন সৃষ্ট ঘটনার কারণে মহিলা কলেজের শিক্ষার পরিবেশ এবং মান উন্নয়ন ফিরিয়ে আনা কঠিন হবে।
