গুরুত্বপূর্ণ সফর
মঙ্গলবার ঢাকা আসছেন পল কাপুর
কাগজ ডেস্ক
প্রকাশ: ০২ মার্চ ২০২৬, ০৮:৫৪ পিএম
ছবি: ট্রাম্প প্রশাসনে দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী এস পল কাপুর
দুই দিনের সফরে মঙ্গলবার ঢাকায় আসছেন যুক্তরাষ্ট্রের স্টেট ডিপার্টমেন্টের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক ব্যুরোর অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি এস পল কাপুর।
সোমবার (২ মার্চ) ঢাকায় অবস্থিত যুক্তরাষ্ট্রের দূতাবাস থেকে এ তথ্য জানানো হয়।
মার্কিন পররাষ্ট্র দপ্তরে ডোনাল্ড লু’র জায়গায় নিয়োগ পাওয়ার পর এটাই হবে তাঁর প্রথম বাংলাদেশ সফর। কাপুরের সফরসঙ্গী হিসেবে ঢাকা সফরে থাকবেন মার্কিন পররাষ্ট্র দপ্তরের জ্যেষ্ঠ অর্থনৈতিক উপদেষ্টা লরা অ্যান্ডারসন।
আওয়ামী লীগের পতন পরবর্তী বাংলাদেশে দক্ষিণ এশিয়ায় জঙ্গিবাদের বিস্তার নিয়ে বিষদ গবেষনা করা আমেরিকান পণ্ডিত ও অধ্যাপক এস পল কাপুরের এই সফর নিঃসন্দেহে বিশেষ গুরুত্ব রাখবে।
মার্কিন দূতাবাসের মুখপাত্র পূর্ণিমা রাইয়ের পক্ষ হতে পাঠানো এক বার্তায় বলা হয়, যুক্তরাষ্ট্র ও বাংলাদেশের কৌশলগত সম্পর্ক আরও জোরদার করাই এ সফরের লক্ষ্য।
বার্তায় আরও বলা হয়, সফরকালে পল কাপুর নতুন সরকারের বিভিন্ন কর্মকর্তা এবং ব্যবসায়ী নেতাদের সঙ্গে বৈঠক করবেন। বৈঠকে দ্বিপাক্ষিক বাণিজ্য ও বিনিয়োগ সম্প্রসারণ, নিরাপত্তা সহযোগিতা বৃদ্ধি এবং ইন্দো-প্যাসিফিক অঞ্চলে অভিন্ন স্বার্থ এগিয়ে নেওয়ার বিষয়গুলো নিয়ে আলোচনা হবে।
৩ থেকে ৫ মার্চ ঢাকা সফরের সময় কয়েকজন জ্যেষ্ঠ মন্ত্রী, রাজনৈতিক নেতা ও ব্যবসায়ীদের সঙ্গে মতবিনিময় করবেন পল কাপুর। ঢাকা ও ওয়াশিংটনের কূটনৈতিক সূত্রগুলো বলছে, দিল্লি হয়ে ঢাকায় পল কাপুরের তিন দিনের সফরে দ্বিপক্ষীয় বিষয়গুলোর পাশাপাশি ভূরাজনৈতিক প্রসঙ্গ আলোচনায় আসবে।
খসড়া সূচি অনুযায়ী, পল কাপুর মঙ্গলবার রাতে দিল্লি থেকে ঢাকায় পৌঁছাবেন। পরদিন, অর্থাৎ ৪ মার্চ তিনি মার্কিন দূতাবাসের কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করবেন। দিনের দ্বিতীয় ভাগে তিনি পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান, স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ, জ্বালানিমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু ও বাণিজ্যমন্ত্রী খন্দকার আবদুল মুক্তাদিরের সঙ্গে বৈঠক করবেন। সন্ধ্যায় ব্যবসায়ী প্রতিনিধিদলের সঙ্গে মতবিনিময় করবেন তিনি। সফরের শেষ দিনে তিনি রাজনৈতিক দলের নেতাদের সঙ্গে মতবিনিময় করবেন। এরপর পররাষ্ট্র মন্ত্রণালয় আয়োজিত ইফতার অনুষ্ঠানে অংশ নেবেন।
বাংলাদেশে জাতীয় সংসদ নির্বাচনের পর যুক্তরাষ্ট্র থেকে পল কাপুরের ঢাকায় আসা হবে দেশটি থেকে জ্যেষ্ঠ কর্মকর্তা পর্যায়ের প্রথম সফর।
পল কাপুরের ঢাকা সফরে বাণিজ্যচুক্তির বাস্তবায়ন ও প্রতিরক্ষা চুক্তি সইয়ের প্রসঙ্গ ছাড়াও বাংলাদেশীদের জন্য মার্কিন ভিসা জটিলতা নিরসন ও যুক্তরাষ্ট্রে অবৈধ হয়ে পড়া বাংলাদেশিদের ফেরানো বিষয়ে আলোচনার কথা রয়েছে। তাছাড়া বাংলাদেশের সঙ্গে দুটি বিশেষায়িত প্রতিরক্ষাচুক্তি জিসোমিয়া ও আকসা সই করতে চায় যুক্তরাষ্ট্র, যা নিয়েও কোনো চূড়ান্ত সিদ্ধান্ত আসতে পার পল কাপুরের এবারের সফরে।
