সরকারি তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে শেখ পরিবারের দিবসগুলো
কাগজ ডেস্ক
প্রকাশ: ১৩ মার্চ ২০২৬, ১২:৪১ পিএম
ছবি: সংগৃহীত
শেখ মুজিবুর রহমান ও তার পরিবারের সদস্যদের জন্ম ও মৃত্যুবার্ষিকী ঘিরে প্রচলিত জাতীয় দিবসগুলো আর উদযাপন করবে না সরকার।
বুধবার (১১ মার্চ) মন্ত্রিপরিষদ বিভাগ থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ সিদ্ধান্ত জানানো হয়েছে। বিএনপি নেতৃত্বাধীন বর্তমান সরকার পূর্ববর্তী অন্তর্বর্তীকালীন সরকারের নীতি অনুসরণ করেই এই সিদ্ধান্ত নিয়েছে।
প্রজ্ঞাপনে ৮৯টি জাতীয় ও আন্তর্জাতিক দিবসের তালিকা প্রকাশ করা হয়েছে। এতে আওয়ামী লীগ সরকারের সময় চালু হওয়া শেখ পরিবারের সদস্যদের সংশ্লিষ্ট দিবসগুলো রাখা হয়নি। আগে ১৭ মার্চ শেখ মুজিবুর রহমানের জন্মবার্ষিকী এবং ১৫ আগস্ট জাতীয় শোক দিবস হিসেবে পালিত হলেও নতুন তালিকায় সেগুলো নেই।
আরো পড়ুন: স্মৃতিসৌধে শহীদদের প্রতি স্পিকারদের শ্রদ্ধা
নতুন সিদ্ধান্ত অনুযায়ী, ৫ আগস্ট ‘জুলাই অভ্যুত্থান দিবস’ এবং ১৬ জুলাই ‘জুলাই শহীদ দিবস’ হিসেবে পালন করা হবে। রংপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত শিক্ষার্থী আবু সাঈদের স্মরণে ১৬ জুলাইকে ‘জুলাই শহীদ দিবস’ হিসেবে অন্তর্ভুক্ত করা হয়েছে। অন্তর্বর্তীকালীন সরকারের সময় নেওয়া এই সিদ্ধান্তগুলো বর্তমান তারেক রহমানের নেতৃত্বাধীন সরকারও বহাল রেখেছে।
এ ছাড়া লালন শাহর মৃত্যুবার্ষিকীকে প্রথমবারের মতো ‘এ’ ক্যাটাগরির দিবস হিসেবে অন্তর্ভুক্ত করা হয়েছে। মন্ত্রিপরিষদ বিভাগ দিবসগুলোকে গুরুত্ব অনুযায়ী তিন শ্রেণিতে ভাগ করেছে ‘এ’, ‘বি’ ও ‘সি’। এর মধ্যে ১৭টি দিবস ‘এ’, ৩৭টি ‘বি’ এবং ৩৫টি ‘সি’ ক্যাটাগরিতে রাখা হয়েছে।
সরকারি ব্যয় কমাতে এবং অপ্রয়োজনীয় আয়োজন এড়াতে দিবস পালনে ব্যয় সংকোচনের নির্দেশ দেওয়া হয়েছে। বড় সমাবেশের পরিবর্তে সেমিনার, সিম্পোজিয়াম ও গণমাধ্যমে আলোচনা আয়োজনের ওপর গুরুত্ব দেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। পাশাপাশি বড় আয়োজনের ক্ষেত্রে সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলোকে প্রধানমন্ত্রীর পূর্বানুমতি নেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে।
