×

খেলা

রোমাঞ্চকর ফাইনালে মোহামেডানকে হারাল বসুন্ধরা কিংস

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ২০ মে ২০২৬, ০৮:২৭ পিএম

রোমাঞ্চকর ফাইনালে মোহামেডানকে হারাল বসুন্ধরা কিংস

ছবি- সংগৃহীত

মোজাফ্ফর মোজাফ্ফরভের দৃষ্টিনন্দন গোল। এরপর পেনাল্টি থেকে গোল, আবার পেনাল্টি মিস। দোরিয়েলতন গোমেস নাসিমেন্তোর হ্যাটট্রিক। ফেডারেশন কাপের ফাইনাল হলো ফাইনালের মতোই। রোমাঞ্চের নানা বাঁক পেরিয়ে মোহামেডানের স্বপ্ন গুঁড়িয়ে দিয়ে শিরোপা জিতল বসুন্ধরা কিংস।

কিংস অ্যারেনায় বুধবার ৩-২ গোলে জিতেছে বসুন্ধরা কিংস। মোহামেডানের দুই গোলদাতা মোজাফ্ফরভ ও সৌরভ দেওয়ান। ফেডারেশন কাপে হ্যাটট্রিক চ্যাম্পিয়ন হলো কিংস। প্রতিযোগিতায় এটি তাদের পঞ্চম শিরোপা। মোহামেডানের সামনে হাতছানি ছিল আবাহনীর রেকর্ড ১২ শিরোপা ছোঁয়ার। দুইবার এগিয়ে গিয়েও পারল না তারা। ২০২২-২৩ মৌসুমের পর এই ট্রফি জয়ের অপেক্ষাও বাড়ল তাদের।

এ মাঠেই ম্যাচটি গড়ানোর কথা ছিল মঙ্গলবার, কিন্তু এখানে খেলতে মোহামেডান প্রথমে আপত্তি জানানোয় তৈরি হয় অচলাবস্থা। পরে বাফুফের মধ্যস্ততায় একদিন পর হলো ফাইনাল। গ্যালারিতে দুই পক্ষের সমর্থকদের উপস্থিতি ছিল কম। তবে মাঠের লড়াইয়ে উত্তাপের কমতি ছিল না। লিগে হতাশাজনক পারফরম্যান্সের পর, ফেডারেশন কাপের ফাইনাল ছিল মোহামেডানের জন্য সাফল্য পাওয়ার শেষ সুযোগ।

তাদের ম্যাচের শুরুটাও ছিল দারুণ আশা জাগানিয়া। দৃষ্টিনন্দন ফ্রি কিকে পঞ্চম মিনিটে সাদাকালো জার্সিধারীদের উচ্ছ্বাসে ভাসান মোজাফ্ফরভ। বক্সের একটু ওপর থেকে উজবেকিস্তানের এই মিডফিল্ডারের নেওয়া কোনাকুনি শট চোখের পলকে দূরের পোস্ট দিয়ে জালে জড়ায়। কিংস গোলকিপার মেহেদী হাসান শ্রাবণ দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখেন।

কিংস পাল্টা জবাব দেয় পরের মিনিটেই। সতীর্থের কাছ থেকে বল পেয়ে বক্সে ঢুকে স্যামুয়েল রাকসাম শট নেন, সেটা আটকালেও পুরোপুরি বিপদমুক্ত করতে পারেননি সুজন হোসেন। রাকসাম ফিরতি শট নেওয়ার সময় জটলার ভেতরে পেছন থেকে চার্জ করে তাকে ফেলে দেন শাকিল আহাদ তপু। রেফারি বাজান পেনাল্টির বাঁশি। এই সিদ্ধান্ত নিয়ে অসন্তোষ জানায় মোহামেডান। তবে রেফারির সিদ্ধান্ত বদলায়নি। সুজনকে বিপরীত দিকে ছিটকে দিয়ে লক্ষ্যভেদ করেন দোরিয়েলতন।

সমতায় ফেরার পর, কিংস আক্রমণের ধার বাড়ায়। দ্বাদশ মিনিটে রাকিব হোসেনের ক্রস গোলমুখে দোরিয়েলতনের কাছে পৌঁছানোর আগেই কর্নারের বিনিময়ে ক্লিয়ার করেন ডিফেন্ডার জাহিদ হাসান শান্ত। সেই কর্নার থেকে কয়েক পা ঘুরে ফের বল পেয়ে যান রাকিব, বুটের টোকায় বল জালেও জড়ান; কিন্তু এর আগে তার সতীর্থ সোহেল রানার হাতে বল লাগায় রেফারি বাজান হ্যান্ডবলের বাঁশি।

জমে ওঠা ম্যাচে ২২তম মিনিটে পেনাল্টি পায় মোহামেডান। বক্সে শাফিকুল হাসানকে পেছন থেকে ফাউল করেন কিংস অধিনায়ক তপু বর্মন। রেফারির সিদ্ধান্ত নিয়ে তর্ক করে হলুদ কার্ড দেখেন দলটির ডিফেন্ডার রিমন হোসেনও। মোজাফ্ফরভের স্পট কিক ডান দিকে ঝাঁপিয়ে আটকে দেন শ্রাবণ।

৩৪তম মিনিটে শ্রাবণ আর পারেননি মোহামেডানের গোছাল আক্রমণ আটকাতে। ডান দিক থেকে জাহিদ শান্ত কাটব্যাক করেন বক্সে, সাইফুল ডামি করলে বল পেয়ে যান তার পেছনেই থাকা সৌরভ। ডান পায়ের নিখুঁত প্লেসিং শটে ফেডারেশন কাপে নিজের সপ্তম গোলটি করেন এই ফরোয়ার্ড।

৪২তম মিনিটে শ্রাবণের দুর্দান্ত সেভে বেঁচে যায় কিংস। মাঝমাঠের একটু উপরে সোহেল রানার কাছ থেকে বল কেড়ে নেন রহমত মিয়ার। মোহামেডানের এই ডিফেন্ডারের দূরপাল্লার শট আটকাতে বলের লাইন মিস করেন শ্রাবণ। বাম দিকে ঝাঁপ দেওয়া অবস্থায় পা উঁচিয়ে বল আটকে দেন তিনি।

প্রথমার্ধের যোগ করা সময়ে রাকিবের ক্রসে দোরিয়েলতনের লাফিয়ে নেওয়া হেড সুজনকে ফাঁকি দিয়ে ক্রসবার কাঁপায়। এগিয়ে থাকার স্বস্তি নিয়ে বিরতিতে যায় মোহামেডান। দ্বিতীয়ার্ধের শুরুতেই সমতায় ফিরে কিংস। রাকিবের ডিফেন্স চেরা পাস অফসাইটেডর ফাঁদ ভেঙে বেরিয়ে নিয়ন্ত্রণে নেন দোরিয়েলতন। এরপর গায়ের সঙ্গে সেঁটে থাকা এলিকেকের প্রতিরোধ এড়িয়ে কোনাকুনি শটে লক্ষ্যভেদ করেন এই ব্রাজিলিয়ান ফরোয়ার্ড।

এরপর দুই দলের খেলায় ধার কিছুটা কমে। উত্তেজনা ফেরার উপলক্ষ এসেছিল ৭৩তম মিনিটে। বাম দিক থেকে ফয়সাল আহমেদ ফাহিমের আড়াআড়ি ক্রসে গোলমুখে ফাঁকায় থাকা শাহরিয়ার ইমন পা ছোঁয়াতে পারেননি। হতাশায় মাথায় হাত ওঠে কিংস সমর্থকদের। ৭৯তম মিনিটে হ্যাটট্রিক পূরণ করে দলকে জয়ের পথে এগিয়ে নেন দোরিয়েতলন।

মোহামেডানের এক খেলোয়াড়ের পা হয়ে কিছুটা সৌভাগ্যের ছোঁয়ায় বল পেয়ে যান তিনি। এক ছুটে বক্সে ঢুকে আগুয়ান সুজনের পাশ দিয়ে শট নেন। এলিকেকে বলের পেছনে ছুটলেও নাগাল পাননি। বল জালে জড়াতেই জার্সি খুলে মাটিতে রেখে চারপাশে সতীর্থদের সাথে বৃত্তাকারে নেঁচে উদযাপনে মাতেন দোরিয়েলতন। প্রতিযোগিতায় তার গোল হলো ১২টি।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

এনওসি না থাকায় পাকিস্তান থেকে আনা রক সল্টের চালান আটকে দিলো কাস্টমস

এনওসি না থাকায় পাকিস্তান থেকে আনা রক সল্টের চালান আটকে দিলো কাস্টমস

জাবেদের বিরুদ্ধে মামলায় আরো তিনজনের সাক্ষ্য

২৫ কোটি টাকা আত্মসাৎ জাবেদের বিরুদ্ধে মামলায় আরো তিনজনের সাক্ষ্য

৭ মাস পর উৎপাদনে বড়পুকুরিয়ার ৩ নং ইউনিট

৭ মাস পর উৎপাদনে বড়পুকুরিয়ার ৩ নং ইউনিট

নারী খেলোয়াড়দের গোপনে ভিডিও করে আজীবন নিষিদ্ধ কোচ

নারী খেলোয়াড়দের গোপনে ভিডিও করে আজীবন নিষিদ্ধ কোচ

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App