অনলাইন জুয়ার রমরমা ব্যবসা, আটক ৫
পলাশ হোসেন, পাবনা
প্রকাশ: ২০ মে ২০২৬, ০৮:২৫ পিএম
ছবি: সংগৃহীত
পাবনার আটঘরিয়ায় বিশেষ অভিযান চালিয়ে অনলাইন জুয়া চক্রের পাঁচ সদস্যকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।
বুধবার (২০ মে) দুপুরে পাবনার অতিরিক্ত পুলিশ সুপার রেজিনুর রহমান প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেন। এর আগে, মঙ্গলবার (১৯ মে) রাতে উপজেলার দেবত্তর বাজার এলাকা থেকে তাদের আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে অনলাইন জুয়ায় ব্যবহৃত ৬টি স্মার্টফোন জব্দ করা হয়েছে।
আটককৃতরা হলেন— আটঘরিয়া পৌরসভার কন্দর্পপুর এলাকার মো. আবুল হাসেমের ছেলে মো. শরীফুল ইসলাম সাগর (২২) ও মো. জালাল হোসেনের ছেলে মো. শান্ত হোসেন (২৫), চক ধলেশ্বর এলাকার মো. গোলাম সোরয়ারের ছেলে মো. সোহানুর রহমান শাকিব (২২), দেবত্তর এলাকার মৃত এমদাদ হোসেন মোল্লার ছেলে মো. আসাদুল ইসলাম (৩২) এবং চাঁদভা ইউনিয়নের হাপানিয়া গ্রামের আলহাজ মো. ইসকান্দার আলী প্রামাণিকের ছেলে মো. শরীফুল ইসলাম (৩৬)।
গোয়েন্দা পুলিশ সূত্রে জানা গেছে, পাবনার পুলিশ সুপার মো. ছুফি উল্লাহর নির্দেশনায় এবং অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মো. রেজিনূর রহমানের তত্ত্বাবধানে জেলা গোয়েন্দা শাখার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রাশিদুল ইসলামের নেতৃত্বে একটি চৌকস দল এই অভিযান পরিচালনা করে। গোপন সংবাদের ভিত্তিতে গতকাল রাত আনুমানিক ৮টা ২০ মিনিটের দিকে ডিবি পুলিশের দলটি আটঘরিয়া থানাধীন দেবত্তর বাজার এলাকায় অভিযান চালায়। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টাকালে এই পাঁচজনকে আটক করা হয়।
ডিবি পুলিশ জানায়, আটককৃতদের কাছ থেকে জব্দ করা মোবাইল ফোনগুলো পরীক্ষা করে Linebet, 1XBET, CK44, 777Jaya, Melbet, NAGAD88 এবং KriKya11-এর মতো আন্তর্জাতিক ও দেশীয় বিভিন্ন অনলাইন জুয়ার অ্যাপস ও ওয়েবসাইটে সক্রিয় আইডি এবং বিপুল পরিমাণ অর্থ লেনদেনের তথ্য পাওয়া গেছে।
এছাড়াও বিভিন্ন ই-ট্রানজেকশন (মোবাইল ব্যাংকিং) অ্যাপসের মাধ্যমে টাকা লেনদেনের ডিজিটাল তথ্য-উপাত্ত উদ্ধার করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটককৃতরা স্বীকার করেছে যে, তারা দীর্ঘদিন ধরে পরস্পর যোগসাজশে ডিজিটাল ডিভাইস ও অনলাইন প্ল্যাটফর্ম ব্যবহার করে তরুণ সমাজকে জুয়ায় উদ্বুদ্ধ করে আসছিল। তারা স্থানীয়ভাবে জুয়ার আইডি খোলা এবং অবৈধভাবে অর্থ লেনদেনের কার্যক্রম পরিচালনা করত।
পাবনা জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাশিদুল ইসলাম বলেন, উদ্ধারকৃত আলামত জব্দ করে আটককৃতদের বিরুদ্ধে সাইবার সুরক্ষা আইন, ২০২৬-এর সংশ্লিষ্ট ধারায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। এই চক্রের সাথে জড়িত অন্যান্য সদস্যদের শনাক্ত ও গ্রেফতারে ডিবি পুলিশের অভিযান অব্যাহত রয়েছে বলেও জানান তিনি।
