শহীদ জিয়া-খালেদা জিয়ার সমাধিতে স্পিকার ও ডেপুটি স্পিকার
কাগজ ডেস্ক
প্রকাশ: ১৩ মার্চ ২০২৬, ০৯:১০ পিএম
ছবি: সংগৃহীত
শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেছেন জাতীয় সংসদের নবনিযুক্ত স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ (বীর বিক্রম) ও নবনিযুক্ত ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল।
শুক্রবার (১৩ মার্চ) রাজধানীর চন্দ্রিমা উদ্যানে অবস্থিত তাদের সমাধিতে তিনি পুষ্পস্তবক অর্পণ করেন তারা। এ সময় কিছুক্ষণ নীরবতা পালন করেন এবং মরহুমদের রুহের মাগফিরাত কামনা করে দোয়া ও মোনাজাতে অংশ নেন তারা।
শ্রদ্ধা নিবেদন শেষে স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ বলেন, ‘দীর্ঘ সংগ্রামের মধ্য দিয়ে দেশে গণতান্ত্রিক ব্যবস্থা পুনঃপ্রতিষ্ঠিত হয়েছে এবং এটি একটি ঐতিহাসিক মুহূর্ত।’
তিনি বলেন, ‘মহান স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের নেতৃত্বে দেশকে দখলমুক্ত করা হয়েছিল এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়া ত্যাগ-তিতিক্ষার মাধ্যমে বাংলাদেশে সংসদীয় গণতন্ত্র পুনঃপ্রবর্তন করেছিলেন। তাদের রুহের মাগফিরাত কামনা করে দোয়া করা হয়েছে।’
স্পিকার আরো বলেন, ‘দেশের জনগণ বিএনপিকে দুই-তৃতীয়াংশ ভোট দিয়ে জয়ী করেছে, যা গণতন্ত্রের পথকে আরও সুগম করবে। সংসদে সরকার ও বিরোধী দলের সমান সুযোগ নিশ্চিত করতে তারা দল থেকে পদত্যাগ করে স্পিকার ও ডেপুটি স্পিকারের দায়িত্ব গ্রহণ করেছেন।’
এ সময় উপস্থিত ছিলেন- জাতীয় সংসদ সচিবালয়ের কর্মকর্তা-কর্মচারী, সার্জেন্ট অ্যাট আর্মস এবং বিভিন্ন গণমাধ্যমের প্রতিনিধিরা।
