ফিরতি যাত্রায় ২৮ মার্চের টিকিট বিক্রি শুরু
কাগজ ডেস্ক
প্রকাশ: ১৮ মার্চ ২০২৬, ০৮:৪৪ এএম
ছবি: সংগৃহীত
পবিত্র ইদুল ফিতর শেষে ঘরমুখো মানুষের ফিরতি যাত্রা নির্বিঘ্ন করতে অগ্রিম টিকিট বিক্রি শুরু করেছে বাংলাদেশ রেলওয়ে। ফিরতি যাত্রার টিকিট বিক্রির ষষ্ঠ দিন হিসেবে বুধবার (১৮ মার্চ) দেওয়া হচ্ছে ২৮ মার্চের ট্রেনের টিকিট।
রেলওয়ে কর্তৃপক্ষ জানায়, বরাবরের মতো এবারও আন্তঃনগর ট্রেনের সাত দিনের অগ্রিম টিকিট বিশেষ ব্যবস্থায় বিক্রি করা হচ্ছে এবং যাত্রীদের সুবিধার্থে শতভাগ টিকিট অনলাইনে দেওয়া হচ্ছে।
সকাল ৮টা থেকে অনলাইনে পশ্চিমাঞ্চলের সব আন্তঃনগর ট্রেনের টিকিট বিক্রি শুরু হয়েছে। আর দুপুর ২টা থেকে পূর্বাঞ্চলের আন্তঃনগর ট্রেনের টিকিট বিক্রি শুরু হবে।
সম্প্রতি রাজধানীর রেল ভবনে অনুষ্ঠিত ঈদ উপলক্ষে বিশেষ ট্রেনযাত্রার প্রস্তুতিমূলক সভায় এসব সিদ্ধান্ত নেওয়া হয়।
আরো পড়ুন: শিমুলিয়া টুরিস্ট ঘাট পরিদর্শন করলেন নৌপরিবহন প্রতিমন্ত্রী
রেলওয়ের পূর্বঘোষণা অনুযায়ী, ২৩ মার্চের টিকিট বিক্রি হয়েছে ১৩ মার্চ, ২৪ মার্চের টিকিট ১৪ মার্চ এবং ২৫ মার্চের টিকিট ১৫ মার্চ। এছাড়া ২৭ মার্চের টিকিট বিক্রি হয়েছে ১৭ মার্চ, ২৮ মার্চের টিকিট ১৮ মার্চ এবং ২৯ মার্চের টিকিট বিক্রি হবে ১৯ মার্চ।
চাঁদ দেখার ওপর নির্ভর করে ২০, ২১ ও ২২ মার্চের টিকিট বিক্রি করা হবে বলেও জানানো হয়েছে।
এছাড়া যাত্রীদের সুবিধার কথা বিবেচনা করে নন-এসি কোচের ২৫ শতাংশ স্ট্যান্ডিং টিকিট যাত্রার শুরুর স্টেশন থেকে সংগ্রহ করা যাবে।
রেলওয়ের নির্দেশনা অনুযায়ী, একজন যাত্রী ঈদযাত্রার অগ্রিম টিকিট একবারই কিনতে পারবেন এবং সর্বোচ্চ চারটি আসন সংগ্রহ করা যাবে। তবে এ সময়ের কোনো টিকিট রিফান্ডযোগ্য নয় বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
