দেশে বিদ্যুতের কোনো ঘাটতি নেই: সংসদে বিদ্যুৎমন্ত্রী
কাগজ ডেস্ক
প্রকাশ: ০২ এপ্রিল ২০২৬, ০৫:৪২ পিএম
বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু। ছবি : সংগৃহীত
দেশে বিদ্যুতের সামগ্রিকভাবে কোনো ঘাটতি নেই বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু। বৃহস্পতিবার (২ এপ্রিল) জাতীয় সংসদ অধিবেশনে ঢাকা-১৮ আসনের সংসদ সদস্য এস এম জাহাঙ্গীর হোসেনের তারকা চিহ্নিত প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
মন্ত্রী জানান, চাহিদা অনুযায়ী বিদ্যুৎ সরবরাহের সক্ষমতা রয়েছে। তবে গ্রীষ্মকালে সর্বোচ্চ চাহিদার সময় জ্বালানির প্রাথমিক ঘাটতি, সঞ্চালন সমস্যা এবং ঝড়-বৃষ্টির সময় রক্ষণাবেক্ষণজনিত কারণে কিছুটা বিভ্রাট দেখা দিতে পারে। ফলে সবসময় চাহিদা অনুযায়ী বিদ্যুৎ সরবরাহ করা সম্ভব হয় না।
তিনি বলেন, দেশে বিদ্যুতের চাহিদা দিন দিন বৃদ্ধি পাচ্ছে। এই বাড়তি চাহিদা পূরণে বন্ধ থাকা বিদ্যুৎকেন্দ্রগুলো পুনরায় চালু করতে সরকার বিভিন্ন কার্যক্রম হাতে নিয়েছে।
এছাড়াও ভারতের আদানি পাওয়ার লিমিটেডের সাথে স্বাক্ষরিত চুক্তিটি বিগত আওয়ামী লীগ সরকার অস্বাভাবিক মূল্যে করেছে, আলোচনাক্রমে এ চুক্তি সংশোধনের বিবেচনাধীন রয়েছে বলে জানিয়েছেন মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু ।
আরো পড়ুন : আদানির সঙ্গে চুক্তি সংশোধনের বিবেচনাধীন
তিনি বলেন, ভারতের আদানি পাওয়ার (ঝাড়খন্ড) লিমিটেড এর সাথে ২০১৭ সালে বিদ্যুৎ ক্রয়ের যে চুক্তি হয়েছিল উক্ত চুক্তিটি পর্যালোচনার জন্য অন্তর্বর্তী সরকারের সময়ে সুপ্রিম কোর্টের একজন অবসরপ্রাপ্ত বিচারপতির নেতৃত্বে গঠিত একটি জাতীয় কমিটি কর্তৃক পর্যালোচনা করা হয়েছে। উক্ত কমিটিতে বিদ্যুৎ ও জ্বালানি বিশেষজ্ঞ, আইন বিশেষজ্ঞ, অর্থনীতিবিদ, চার্টার্ড একাউন্ট্যান্ট ছিলেন এবং কমিটি এ বিষয়ে আন্তর্জাতিক চুক্তি বিশেষজ্ঞ আইনি প্রতিষ্ঠানের মতামত গ্রহণ করেছে।
তিনি আরো বলেন, পর্যালোচনায় আদানি পাওয়ারের সাথে স্বাক্ষরিত চুক্তিটি বিগত আওয়ামী লীগ সরকার দেশীয় ও আন্তর্জাতিক বাজারের তুলনায় অস্বাভাবিক মূল্যে স্বাক্ষর করেছে মর্মে জাতীয় কমিটি তার প্রতিবেদনে উল্লেখ করেছে।
