প্রাথমিকের ২ লাখ শিক্ষার্থীর জন্য বিনামূল্যে স্কুল ড্রেস ঘোষণা
কাগজ ডেস্ক
প্রকাশ: ০৮ এপ্রিল ২০২৬, ০১:২৯ পিএম
ছবি: সংগৃহীত
দেশের প্রাথমিক শিক্ষার্থীদের জন্য নতুন উদ্যোগ ঘোষণা করেছে সরকার। চলতি অর্থবছরেই সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ২ লাখ শিক্ষার্থীর মধ্যে বিনামূল্যে স্কুল ড্রেস বিতরণ করা হবে।
বুধবার (৮ এপ্রিল) জাতীয় সংসদের প্রশ্নোত্তর পর্বে এ তথ্য জানান প্রধানমন্ত্রী তারেক রহমান। সিরাজগঞ্জ-১ আসনের সংসদ সদস্য মো. সেলিম রেজার প্রশ্নের জবাবে তিনি এ ঘোষণা দেন।
সংসদের ১১তম দিনের সকালের বৈঠকে সভাপতিত্ব করেন হাফিজ উদ্দিন আহমদ। এ সময় প্রধানমন্ত্রী বলেন, সরকার শিক্ষাকে জাতির সর্বোচ্চ বিনিয়োগ হিসেবে বিবেচনা করে এবং একটি গুণগত, অন্তর্ভুক্তিমূলক ও জীবনমুখী শিক্ষা ব্যবস্থা গড়ে তুলতে কাজ করছে।
তিনি জানান, নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী শিক্ষাখাতে বরাদ্দ ধাপে ধাপে জিডিপির ৫ শতাংশে উন্নীত করার পরিকল্পনা রয়েছে। এ লক্ষ্যে ৪৩টি ক্ষেত্রে স্বল্প, মধ্য ও দীর্ঘমেয়াদি কর্মপরিকল্পনা গ্রহণ করা হয়েছে।
প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে বিশেষ গুরুত্ব দিয়ে ড্রেস বিতরণ কর্মসূচি পর্যায়ক্রমে দেশের সব উপজেলায় সম্প্রসারণ করা হবে। পাশাপাশি শিক্ষার্থীদের পুষ্টি নিশ্চিত করতে ধাপে ধাপে সব উপজেলায় স্কুল ফিডিং বা মিড-ডে মিল চালুর উদ্যোগ নেওয়া হয়েছে।
নতুন প্রজন্মকে প্রযুক্তিনির্ভর করে তুলতে সব স্তরের শিক্ষাপ্রতিষ্ঠানে মাল্টিমিডিয়া ক্লাসরুম স্থাপন করা হবে বলেও জানান তিনি।
ডিজিটাল বৈষম্য কমাতে ১,৫০০ শিক্ষাপ্রতিষ্ঠানে ফ্রি ওয়াই-ফাই সংযোগ দেওয়া এবং শিক্ষার্থী-শিক্ষকদের জন্য ‘এডু-আইডি’ চালুর পরিকল্পনা রয়েছে। একই সঙ্গে মাধ্যমিক পর্যায়ে সাধারণ শিক্ষার পাশাপাশি কারিগরি শিক্ষা বাধ্যতামূলক করার কথাও তুলে ধরেন প্রধানমন্ত্রী।
তিনি আরো জানান, পর্যায়ক্রমে সব উপজেলায় টেকনিক্যাল স্কুল ও কলেজ এবং প্রতিটি জেলায় পলিটেকনিক ইনস্টিটিউট স্থাপন করা হবে।
