বিরোধীদলীয় নেতা
সংসদে দাঁড়িয়ে আমাদের কথাগুলো যেন দায়িত্বশীল আচরণ হয়
কাগজ ডেস্ক
প্রকাশ: ২৬ এপ্রিল ২০২৬, ১০:১৯ পিএম
ছবি : সংগৃহীত
জাতীয় সংসদে বক্তব্য দিতে গিয়ে সরকারি দলের সদস্যদের উদ্দেশ করে বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, সংসদে দেওয়া বক্তব্য যেন দায়িত্বশীলতার পরিচয় বহন করে।
রোববার (২৬ এপ্রিল) সন্ধ্যায় জাতীয় সংসদের অধিবেশনের ২১তম দিনে পয়েন্ট অব অর্ডারে দাঁড়িয়ে তিনি এ কথা বলেন। তিনি সরকারি দলের এক সদস্যের বক্তব্যের জবাবে নিজের অবস্থান তুলে ধরেন।
এর আগে নৌপরিবহন প্রতিমন্ত্রী মো. রাজীব হাসান জুলাই অভ্যুত্থানের শহীদের সংখ্যা নিয়ে বিরোধীদলীয় নেতার বক্তব্যের সমালোচনা করেন। তিনি বলেন, সরকারি গেজেটে ৮৪৪ জন শহীদের তালিকা চূড়ান্ত করা হয়েছে এবং স্বাস্থ্য মন্ত্রণালয়সহ বিভিন্ন সূত্রে সর্বোচ্চ ১,৪০০ জনের তথ্য পাওয়া যায়। সেই প্রেক্ষাপটে বিরোধীদলীয় নেতা কীভাবে ১,২০০ শহীদ পরিবারের কাছে যাওয়ার দাবি করেছেন -তা নিয়ে প্রশ্ন তোলেন তিনি। এ ধরনের বক্তব্যকে তিনি ইতিহাস বিকৃতির চেষ্টা বলেও মন্তব্য করেন।
জবাবে ডা. শফিকুর রহমান বলেন, তাকে উদ্ধৃত করে যে বক্তব্য দেওয়া হয়েছে, তা জুলাইয়ের শহীদদের প্রসঙ্গে। তিনি বলেন, সংসদে ওই সদস্য উপস্থিত থাকলে তিনি বিষয়টি আরও পরিষ্কার করতেন। তিনি উল্লেখ করেন, একই আলোচনায় সালাউদ্দিন টুকু নিজেই বলেছেন যে জাতীয়তাবাদী দল ও তাদের অঙ্গসংগঠনের এক হাজারের বেশি কর্মী শহীদ হয়েছেন। সেই তথ্য বিবেচনায় নিলেই তার বক্তব্যের ব্যাখ্যা পাওয়া যায় বলে তিনি দাবি করেন।
তিনি আরও বলেন, “আমি কোনো অনির্ভরযোগ্য তথ্য দিইনি। আমাদের কাছে একটি পূর্ণাঙ্গ তালিকা রয়েছে, যা যাচাই-বাছাই করে প্রস্তুত করা হয়েছে। অনেকেই সেই তালিকা পেয়েছেন এবং তা আমাদের ওয়েবসাইটেও রয়েছে।”
তিনি দাবি করেন, জাতিসংঘের মানবাধিকার বিষয়ক ফ্যাক্ট-ফাইন্ডিং কমিটির তথ্য অনুযায়ী শহীদের সংখ্যা ১,৪৫১ জন।
বিরোধীদলীয় নেতা বলেন, বিভিন্ন স্থানে গেলে অনেক পরিবার তার কাছে তাদের নিখোঁজ স্বজনদের খোঁজ জানতে চান। তিনি অভিযোগ করেন, ইন্টারনেট বন্ধের সময় যারা নিহত বা গুম হয়েছেন, তাদের প্রকৃত হিসাব এখনো প্রকাশ করা হয়নি।
সবশেষে তিনি বলেন, “জাতীয় সংসদে দাঁড়িয়ে আমরা যখন কথা বলব, তখন আমাদের কথাগুলো যেন দায়িত্বশীল আচরণ হয়।”
