×

জাতীয়

কালবৈশাখীর তাণ্ডব

তিন জেলায় মা-মেয়েসহ ৫ জনের মৃত্যু

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২৭ এপ্রিল ২০২৬, ০১:৫৪ পিএম

তিন জেলায় মা-মেয়েসহ ৫ জনের মৃত্যু

ছবি: সংগৃহীত

জামালপুর, বগুড়া ও নওগাঁয় কালবৈশাখী ঝড়ে পৃথক ঘটনায় গাছ ভেঙে পড়ে নারী-শিশুসহ পাঁচজনের মৃত্যু হয়েছে। রোববার দিবাগত রাত থেকে সোমবার ভোর পর্যন্ত এসব ঘটনা ঘটে। এর মধ্যে জামালপুরের মেলান্দহে একই পরিবারের মা ও দুই মেয়ের মৃত্যু হয়েছে।

জামালপুরে মা ও দুই মেয়ের মৃত্যু

জামালপুরের মেলান্দহ উপজেলায় ঝড়ে বসতঘরের ওপর গাছ পড়ে মা ও তাঁর দুই মেয়ের মৃত্যু হয়েছে। রোববার দিবাগত রাত সাড়ে ৩টার দিকে উপজেলার নয়ানগর ইউনিয়নের দাগী এলাকায় এ ঘটনা ঘটে। নিহতরা হলেন খুকি বেগম (৬৫) এবং তাঁর দুই মেয়ে ফরিদা আক্তার (৪০) ও ফতে আক্তার (৩৭)।

স্থানীয় বাসিন্দা ও ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, রাতে তিনজন একই বিছানায় ঘুমিয়ে ছিলেন। ঝড়ের সময় ঘরের পাশে থাকা একটি বড় মেহগনি গাছ ভেঙে বসতঘরের ওপর পড়ে। এতে তাঁরা গাছের নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই মারা যান। মেলান্দহ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জিন্নাতুল আরা বলেন, খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করেছে।

বগুড়ায় ব্যবসায়ীর মৃত্যু

বগুড়ার গাবতলী উপজেলায় ঝড়ে দোকানের ওপর বটগাছ ভেঙে পড়ে উমা চন্দ্র (৫২) নামের এক ব্যবসায়ী নিহত হয়েছেন। সোমবার ভোর সাড়ে চারটার দিকে সুখানপুকুর ইউনিয়নের লাঠিগঞ্জ বাজারে এ ঘটনা ঘটে।

জানা যায়, উমা চন্দ্র রাতে নিজের পানের দোকানে ঘুমিয়ে ছিলেন। ভোররাতে আকস্মিক ঝড়ে পাশের একটি পুরোনো বটগাছ উপড়ে দোকানের ওপর পড়ে। এতে দোকানটি ভেঙে পড়ে এবং তিনি গাছের নিচে চাপা পড়েন। পরে ফায়ার সার্ভিসের সদস্যরা তাঁর মরদেহ উদ্ধার করেন। গাবতলী মডেল থানার ওসি রাকিব হাসান বলেন, ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে এবং আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

নওগাঁয় অন্তঃসত্ত্বা নারীর মৃত্যু

নওগাঁর আত্রাই উপজেলায় ঝড়ে গাছ ভেঙে পড়ে বেদে সম্প্রদায়ের এক অন্তঃসত্ত্বা নারীর মৃত্যু হয়েছে। নিহত আরাফাতুনের (২০) তিন মাসের অন্তঃসত্ত্বা ছিলেন। সোমবার সকালে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

স্থানীয় সূত্রে জানা যায়, আত্রাই নদীর তীরে বেদে পল্লীতে বসবাসরত পরিবারগুলোর ওপর ভোরে ঝড়-বৃষ্টি শুরু হলে একটি ইউক্যালিপটাস গাছ ভেঙে পড়ে। এতে আরাফাতুন গুরুতর আহত হন। পরে তাঁকে উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।

নওগাঁর পুলিশ সুপার তারিকুল ইসলাম বলেন, ঘটনাটি জানার পর ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে এবং ক্ষতিগ্রস্ত পরিবারকে সহায়তার আশ্বাস দেওয়া হয়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

পদ্মায় জেলের বড়শিতে ধরা পড়ল কুমির

পদ্মায় জেলের বড়শিতে ধরা পড়ল কুমির

সাংবাদিকদের জীবনমান উন্নয়নে দশম ওয়েজ বোর্ড হওয়া দরকার

হুইপ রুহুল কুদ্দুস সাংবাদিকদের জীবনমান উন্নয়নে দশম ওয়েজ বোর্ড হওয়া দরকার

টাকা লেনদেনের জেরে টর্চ জ্বালিয়ে সংঘর্ষ, আহত ৩০

টাকা লেনদেনের জেরে টর্চ জ্বালিয়ে সংঘর্ষ, আহত ৩০

ময়মনসিংহে কৃষক হত্যায় তিনজনের মৃত্যুদণ্ড

ময়মনসিংহে কৃষক হত্যায় তিনজনের মৃত্যুদণ্ড

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App