পররাষ্ট্রমন্ত্রী
অন্য দেশের সঙ্গে তুলনা করলেই মার্কিন চুক্তি স্পষ্ট হবে
কাগজ ডেস্ক
প্রকাশ: ০৫ মে ২০২৬, ০৭:০৯ পিএম
ছবি: সংগৃহীত
পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান বলেছেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে করা বাণিজ্য চুক্তি ভালোভাবে বুঝতে হলে তা অন্যান্য দেশের চুক্তির সঙ্গে তুলনা করে দেখতে হবে। এতে পুরো বিষয়টি আরও পরিষ্কার হবে বলে তিনি মনে করেন।
মঙ্গলবার (৫ মে) ঢাকায় যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক সহকারী বাণিজ্য প্রতিনিধি ব্রেন্ডান লিঞ্চের নেতৃত্বাধীন একটি প্রতিনিধিদলের সঙ্গে বৈঠক শেষে তিনি এ মন্তব্য করেন।
সম্প্রতি এই চুক্তি নিয়ে আলোচনা-সমালোচনা চলছে। কিছু মহলে দাবি করা হচ্ছে, এতে বাংলাদেশের ওপর অনেক বেশি শর্ত আরোপ করা হয়েছে- যেখানে যুক্তরাষ্ট্রের জন্য তুলনামূলকভাবে কম শর্ত রয়েছে।
এ প্রসঙ্গে পররাষ্ট্রমন্ত্রী বলেন, যেকোনো আন্তর্জাতিক চুক্তি নিয়ে খোলামেলা আলোচনা হওয়া প্রয়োজন। তিনি উল্লেখ করেন, বাংলাদেশ একাই এমন চুক্তি করেনি; বিশ্বের অনেক দেশই একই ধরনের চুক্তিতে অংশ নিয়েছে। উদাহরণ হিসেবে তিনি বলেন, ইন্দোনেশিয়া ২৩১টি শর্তে সম্মত হয়েছে। তাই বাংলাদেশের চুক্তিটি ইন্দোনেশিয়া, ভিয়েতনাম, কম্বোডিয়াসহ অন্যান্য দেশের চুক্তির সঙ্গে মিলিয়ে পড়লে বিষয়টি ভালোভাবে বোঝা যাবে।
তিনি আরও বলেন, তুলনা করে দেখা উচিত বাংলাদেশ কী পেয়েছে এবং কী পায়নি। যুক্তরাষ্ট্র বিভিন্ন দেশের ওপর ‘রেসিপ্রোকাল ট্যারিফ’ আরোপ করেছিল, যা পরে আলোচনার মাধ্যমে সমন্বয় করা হয়েছে। যেমন, ভিয়েতনাম ২০ শতাংশ হারে ট্যারিফ সুবিধা পেয়েছে, আর বাংলাদেশ পেয়েছে ১৯ শতাংশ।
পররাষ্ট্রমন্ত্রী জানান, বর্তমানে বিভিন্ন দেশের এসব চুক্তির তথ্য উন্মুক্ত রয়েছে। তাই বাংলাদেশের চুক্তি অন্যান্য দেশের সঙ্গে তুলনা করে দেখলে শর্ত, সুবিধা এবং ক্রয় প্রতিশ্রুতির বিষয়গুলো স্পষ্টভাবে বোঝা সম্ভব হবে।
