রাতে ঢাকাসহ ১১ জেলায় ঝড়ের আভাস
কাগজ ডেস্ক
প্রকাশ: ০৫ মে ২০২৬, ০৭:১৩ পিএম
ছবি: সংগৃহীত
ঢাকাসহ দেশের ১১ অঞ্চলে আজ রাতে ঝড়ের আভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এ কারণে এসব এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।
মঙ্গলবার (৫ মে) দেশের অভ্যন্তরীণ নদীবন্দরের জন্য দেওয়া পূর্বাভাসে এ তথ্য জানান আবহাওয়াবিদ মো. আব্দুল হামিদ মিয়া।
আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, আজ দিবাগত রাত ১টার মধ্যে ঢাকা, খুলনা, ফরিদপুর, মাদারীপুরসহ দক্ষিণ ও উত্তর-পূর্বাঞ্চলের বিভিন্ন এলাকায় আবহাওয়া খারাপ থাকতে পারে।
বিশেষ করে বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার ও সিলেট অঞ্চলে পশ্চিম বা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে দমকা বা ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। এর পাশাপাশি এসব এলাকায় বজ্রসহ বৃষ্টির সম্ভাবনাও রয়েছে।
এই পরিস্থিতিতে সংশ্লিষ্ট এলাকার নদীবন্দরগুলোকে সতর্ক থাকতে বলা হয়েছে এবং ১ নম্বর সতর্ক সংকেত প্রদর্শনের নির্দেশ দেওয়া হয়েছে।
এছাড়া আবহাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী, আগামীকাল সকাল ৯টার মধ্যে রংপুর, খুলনা, ময়মনসিংহ, বরিশাল ও সিলেট বিভাগের কিছু এলাকায় এবং রাজশাহী, ঢাকা ও চট্টগ্রাম বিভাগের কিছু স্থানে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে।
