×

জাতীয়

জুনের মধ্যে পুরোপুরি ব্যারাকে ফিরবে সশস্ত্র বাহিনী

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০৬ মে ২০২৬, ০৯:৪০ পিএম

জুনের মধ্যে পুরোপুরি ব্যারাকে ফিরবে সশস্ত্র বাহিনী

ছবি: ফাইল ফটো

বেসামরিক প্রশাসনের সহায়তায় মাঠপর্যায়ে অবস্থানরত সশস্ত্র বাহিনীর সদস্যদের আগামী জুন মাসের মধ্যে ব্যারাকে ফিরিয়ে নেওয়ার সিদ্ধান্ত হয়েছে। সরকারের আইনশৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটির বৈঠকে এ সিদ্ধান্ত হয় বলে স্বরাষ্ট্র মন্ত্রণালয় সূত্র জানিয়েছে।

মঙ্গলবার (৫ মে) বিকেলে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে অনুষ্ঠিত কোর কমিটির ওই বৈঠকে সেনাবাহিনীকে পুরোপুরি প্রত্যাহারের বিষয়ে সিদ্ধান্ত হয়।

স্বরাষ্ট্র মন্ত্রণালয় সূত্র জানায়, কোর কমিটির সিদ্ধান্ত অনুযায়ী আগামী ৬ জুন থেকে সেনাসদস্যদের চূড়ান্ত প্রত্যাহার শুরু হবে। প্রথমে দূরবর্তী জেলা থেকে সদস্যদের ফিরিয়ে নেওয়া হবে। এরপর ধাপে ধাপে বড় জেলা ও বিভাগীয় শহর থেকে প্রত্যাহার সম্পন্ন করা হবে। জুন মাসের মধ্যেই মাঠপর্যায় থেকে সেনাবাহিনীর সব সদস্যকে সরিয়ে নেওয়ার পরিকল্পনা রয়েছে।

জাতীয় নির্বাচনের পর দেশের আইনশৃঙ্খলা ও অভ্যন্তরীণ নিরাপত্তা পরিস্থিতি মূল্যায়ন এবং প্রয়োজনীয় কর্মপদ্ধতি নির্ধারণের লক্ষ্যে গত ২১ এপ্রিল স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদকে সভাপতি করে আইনশৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটি পুনর্গঠন করা হয়। মঙ্গলবারের বৈঠকে পুলিশের মহাপরিদর্শক (আইজি), ঢাকা মহানগর পুলিশ কমিশনার, বিজিবির মহাপরিচালকসহ বিভিন্ন সংস্থার ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, বর্তমানে সারা দেশে মাঠপর্যায়ে প্রায় ১৭ হাজার সেনাসদস্য দায়িত্ব পালন করছেন। দীর্ঘ সময় ধরে টানা দায়িত্ব পালনের কারণে সদস্যদের বিশ্রামের প্রয়োজনীয়তার বিষয়টি উল্লেখ করে প্রতিরক্ষা মন্ত্রণালয় বিভিন্ন সময় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে সেনাবাহিনী প্রত্যাহারের অনুরোধ জানিয়েছিল। এ প্রেক্ষাপটেই আইনশৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটির সর্বশেষ বৈঠকে মাঠপর্যায় থেকে সেনাবাহিনীর সদস্যদের চূড়ান্তভাবে প্রত্যাহারের সিদ্ধান্ত নেওয়া হয়।

প্রায় আড়াই ঘণ্টাব্যাপী বৈঠকে সেনাবাহিনীর প্রত্যাহার ছাড়াও দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি, চাঁদাবাজি নিয়ন্ত্রণ এবং পুলিশের পোশাক পরিবর্তনসহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়।

সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে আন্দোলন সহিংস রূপ নিলে ২০২৪ সালের ১৯ জুলাই কারফিউ জারি করে তৎকালীন আওয়ামী লীগ সরকার সেনাবাহিনী মোতায়েন করে। ৫ আগস্ট সরকার পরিবর্তনের পর পুলিশ বাহিনী কার্যত ভেঙে পড়লে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে সেনাবাহিনী মাঠে থেকে যায়। একই বছরের ১৭ সেপ্টেম্বর অন্তর্বর্তী সরকার সেনাবাহিনীকে বিচারিক ক্ষমতাও প্রদান করে।

২০২৪ সালের আগস্টে সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান জানিয়েছিলেন, পুলিশ পুনর্গঠিত হলে সেনাবাহিনী ব্যারাকে ফিরে যেতে চায়। সেই ধারাবাহিকতায় গত বছরের নভেম্বর থেকে ধাপে ধাপে কিছু সেনাসদস্যকে মাঠ থেকে প্রত্যাহার শুরু হয়।

তবে জাতীয় নির্বাচনকে কেন্দ্র করে অন্যান্য সময়ের মতো সেনাসদস্যরা মাঠে দায়িত্ব পালন অব্যাহত রাখেন। পরে গত ১৬ ফেব্রুয়ারি সেনাপ্রধান বলেন, নবনির্বাচিত সরকার দায়িত্ব গ্রহণের পর সেনাবাহিনী ব্যারাকে ফিরে যাবে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

বিশ্বকাপে নিষেধাজ্ঞার মুখে আর্জেন্টাইন তারকা

বিশ্বকাপে নিষেধাজ্ঞার মুখে আর্জেন্টাইন তারকা

ট্রেনের নিচে ঝাঁপিয়ে স্ত্রীর আত্মহত্যা, হাসপাতালে স্বামী

ট্রেনের নিচে ঝাঁপিয়ে স্ত্রীর আত্মহত্যা, হাসপাতালে স্বামী

 কোরবানির হাটে জাল টাকা ঠেকাতে গোয়েন্দা নজরদারি

কোরবানির হাটে জাল টাকা ঠেকাতে গোয়েন্দা নজরদারি

মহাকাশ থেকে দেখা যাচ্ছে মেক্সিকো সিটির ধস

মহাকাশ থেকে দেখা যাচ্ছে মেক্সিকো সিটির ধস

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App