প্রবাসী কল্যাণ মন্ত্রী
দক্ষ জনশক্তি রফতানিতে কাজ করছে সরকার
কাগজ ডেস্ক
প্রকাশ: ০৮ মে ২০২৬, ০৭:১১ পিএম
ছবি : সংগৃহীত
প্রবাসীদের কল্যাণে সরকার কাজ করছে এবং দক্ষ জনশক্তি রফতানিতে বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে বলে জানিয়েছেন শ্রম ও কর্মসংস্থান এবং প্রবাসী কল্যাণ ও কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী।
তিনি বলেন, ইউরোপ, আমেরিকা, মধ্যপ্রাচ্যসহ বিশ্বের বিভিন্ন দেশে কম খরচে দক্ষ জনশক্তি পাঠানোর উদ্যোগ নেওয়া হয়েছে। পাশাপাশি দালাল চক্রের কারণে যাতে কেউ হয়রানির শিকার না হয়, সে জন্য কঠোর মনিটরিং ব্যবস্থা চালু রয়েছে।
বৃহস্পতিবার (৭ মে) (স্থানীয় সময় রাত ৯টা) যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে নবান্ন রেস্তোরাঁয় ফাউন্ডেশন অব জৈষ্ঠা আয়োজিত এক মতবিনিময় ও সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ফাউন্ডেশনের সভাপতি মাওলানা রশিদ আহমদের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক জামিল আনসারির সঞ্চালনায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ সোসাইটির সাবেক সভাপতি আজমল হোসেন কুনু, টাইম টিভির সিইও ও বাংলা পত্রিকার সম্পাদক আবু তাহের, ফাউন্ডেশনের উপদেষ্টা আব্দুল গফফার খসর ও জাকারিয়া মাহমুদ, বিশিষ্ট চিকিৎসক ডা. জুন্নন চৌধুরী প্রমুখ।
মন্ত্রী আরিফুল হক চৌধুরী বলেন, প্রবাসীদের মরদেহ দ্রুত দেশে আনার প্রক্রিয়া সহজ করতে মাত্র দুই মাসে উদ্যোগ নেওয়া হয়েছে। এ জন্য অ্যাম্বুলেন্স ও পরিবহন ব্যবস্থাও উন্নত করার কাজ চলছে। প্রবাসীদের হয়রানি বন্ধে সরকার কাজ করছে বলেও তিনি জানান।
তিনি আরও বলেন, দালালের মাধ্যমে অতিরিক্ত খরচে বিদেশে গিয়ে অনেকেই কাজ না পেয়ে বিপদে পড়ছেন। এতে প্রবাসীরা আর্থিক ও শারীরিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন। এ সমস্যা সমাধানে দক্ষতা ও প্রশিক্ষণভিত্তিক জনশক্তি গড়ে তোলা হচ্ছে।
জাপানের উদাহরণ টেনে তিনি বলেন, ভাষা প্রশিক্ষণের মাধ্যমে কম খরচে কর্মী পাঠানোর বিষয়ে আলোচনা চলছে।
এছাড়া তিনি জানান, ঢাকা থেকে জাফলং পর্যন্ত রেললাইন নির্মাণের পরিকল্পনা রয়েছে। বৃহত্তর সিলেট অঞ্চলের উন্নয়নে সরকার কাজ করছে এবং ঢাকা-সিলেট মহাসড়ক চার লেনে উন্নীত করার উদ্যোগ নেওয়া হয়েছে। পর্যটন খাত উন্নয়নের জন্যও বড় পরিকল্পনা গ্রহণ করা হচ্ছে বলে তিনি উল্লেখ করেন।
তিনি উন্নয়ন কার্যক্রম বাস্তবায়নে সবার সহযোগিতা কামনা করেন।
