×

জাতীয়

ইসির সার্ভারে নেই কোটি কোটি নাগরিকের তথ্য ফরম

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১৫ মে ২০২৬, ০৫:৩৩ পিএম

ইসির সার্ভারে নেই কোটি কোটি নাগরিকের তথ্য ফরম

ছবি : সংগৃহীত

দেশে বর্তমানে ভোটার সংখ্যা ১২ কোটি ৮৩ লাখ ২৩ হাজার ২৪০ জন। এর মধ্যে প্রায় সাড়ে ৪ কোটি নাগরিকের জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) মূল তথ্য ফরম বা ফরম-২ নির্বাচন কমিশনের সার্ভারে সংরক্ষিত রয়েছে। তবে বাকি প্রায় ৮ কোটি নাগরিকের তথ্য ফরম কোথায় আছে বা আদৌ সংরক্ষিত আছে কি না, সে বিষয়ে এখনো নিশ্চিত নয় নির্বাচন কমিশন (ইসি)।

সম্প্রতি এসব নাগরিকের তথ্য ফরমের অবস্থান জানতে মাঠ পর্যায়ে অনুসন্ধান শুরু করেছে ইসি। জানা গেছে, ২০০৭-০৮ সালে যেসব নাগরিক ছবিসহ ভোটার তালিকায় অন্তর্ভুক্ত হয়েছিলেন, তাদের দেওয়া তথ্যের ভিত্তিতেই এনআইডি তৈরি করা হয়েছিল। কিন্তু পরবর্তী সময়ে অনেকেই এনআইডির তথ্য সংশোধনের জন্য আবেদন করলে সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, সে সময় পূরণ করা ফরম-২ সার্ভারে সংরক্ষিত নেই।

ইসি কর্মকর্তাদের মতে, ২০০৮ থেকে ২০১২ সাল পর্যন্ত দেশের বিভিন্ন উপজেলা ও জেলা নির্বাচন অফিসে এসব ফরম সংরক্ষণ করা হয়েছিল। তবে যথাযথ রক্ষণাবেক্ষণের অভাবে অনেক জায়গায় ফরম নষ্ট বা হারিয়ে গেছে। কোথাও বৃষ্টির পানিতে, কোথাও উইপোকা ও ইঁদুরের আক্রমণে নষ্ট হয়েছে। আবার কিছু ফরম অগ্নিকাণ্ডেও পুড়ে গেছে বলে জানা গেছে।

এ পরিস্থিতিতে ২০০৮ থেকে ২০১২ সালের মধ্যে ভোটার হওয়া নাগরিকদের ফরম-২ স্ক্যান ও সার্ভারে আপলোড করার কার্যক্রম আগামী ৩০ জুনের মধ্যে শেষ করার নির্দেশ দিয়ে মাঠ পর্যায়ে চিঠি পাঠিয়েছে নির্বাচন কমিশন।

ইসি কর্মকর্তারা জানান, অনেক ক্ষেত্রে ফরম-২-এ সঠিক তথ্য থাকলেও এনআইডিতে ভুল তথ্য এসেছে। এ ধরনের ভুল বিনা ফিতে সংশোধনের সুযোগ থাকলেও ফরম-২ অনুপস্থিত থাকায় অনেক নাগরিক সেই সুবিধা পাচ্ছেন না। বর্তমানে যেসব ফরম অক্ষত অবস্থায় পাওয়া যাচ্ছে, সেগুলো স্ক্যান ও আপলোডের কাজ চলছে। এতদিন সার্ভারের সীমিত সক্ষমতার কারণে এসব তথ্য আপলোড করা সম্ভব হয়নি।

বরিশালের আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মো. ফরিদুল ইসলাম জানান, বরিশাল অঞ্চলের ৪২টি উপজেলা নির্বাচন অফিসে স্ক্যানিংয়ের কাজ প্রায় শেষ পর্যায়ে। তবে কত ফরম পাওয়া যায়নি, তা এখনই নির্দিষ্ট করে বলা সম্ভব নয়।

সাতক্ষীরা জেলা নির্বাচন কর্মকর্তা মাসুদুর রহমান বলেন, জেলার সাতটি উপজেলা নির্বাচন অফিসে প্রায় ৩০ শতাংশ কাজ শেষ হয়েছে। তার ধারণা, জেলার প্রায় ৮০ শতাংশ ফরম এখনও অক্ষত রয়েছে। তবে পুরো কাজ শেষ না হওয়া পর্যন্ত নির্দিষ্ট তথ্য দেওয়া কঠিন।

শ্যামনগর উপজেলা নির্বাচন কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন জানান, ওই উপজেলায় প্রায় দুই লাখ নাগরিকের ফরম-২ এখনো আপলোড করা হয়নি। এর মধ্যে তিনি প্রায় এক লাখ ৫৫ হাজার ফরম খুঁজে পেয়েছেন এবং সেগুলো আপলোডের কাজ চলছে।

ইসির অতিরিক্ত সচিব কে এম আলী নেওয়াজ বলেন, নাগরিকরা ভোটার হওয়ার সময় যে তথ্য জমা দিয়েছিলেন, সেটিই ফরম-২। বর্তমানে এসব ফরম সার্ভারে আপলোড করার কাজ চলছে এবং এ জন্য সার্ভারের সক্ষমতাও বাড়ানো হয়েছে।

জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের সিস্টেম ম্যানেজার মুহাম্মদ আশরাফ হোসেন বলেন, প্রায় ৮ কোটি নাগরিকের তথ্য স্ক্যান ও আপলোডের পরিকল্পনা বাস্তবায়নে কাজ চলছে। তবে কত তথ্য হারিয়ে গেছে বা অনুপস্থিত রয়েছে, তা এখনই নিশ্চিত করে বলা যাচ্ছে না। পুরো প্রক্রিয়া শেষ হলে প্রকৃত চিত্র জানা যাবে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

যুক্তরাষ্ট্র থেকে তেল কিনতে চায় চীন: ট্রাম্প

যুক্তরাষ্ট্র থেকে তেল কিনতে চায় চীন: ট্রাম্প

থাইল্যান্ডে অ্যালকোহল বিক্রিতে কড়া বিধিনিষেধ

থাইল্যান্ডে অ্যালকোহল বিক্রিতে কড়া বিধিনিষেধ

শনিবার পাঁচ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

শনিবার পাঁচ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

কোরবানি ঈদকে সামনে রেখে মুরাদনগরে ব্যস্ত কামারপল্লী

কোরবানি ঈদকে সামনে রেখে মুরাদনগরে ব্যস্ত কামারপল্লী

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App