×

জাতীয়

পে-স্কেল নিয়ে সচিব কমিটির সভা শেষ, যা জানা গেল

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২১ মে ২০২৬, ০৬:১২ পিএম

পে-স্কেল নিয়ে সচিব কমিটির সভা শেষ, যা জানা গেল

ছবি : সংগৃহীত

সরকারি চাকরিজীবীদের জন্য নবম জাতীয় পে-স্কেল বাস্তবায়নে গঠিত সচিব কমিটির সভা শেষ হয়েছে। বৃহস্পতিবার (২১ মে) বেলা ১১টায় সচিবালয়ে শুরু হওয়া এই বৈঠক দুপুরে শেষ হয়। বৈঠকে সরকারি কর্মচারীদের বেতন বৃদ্ধির হার চূড়ান্ত করা এবং বিভিন্ন গ্রেডের বৈষম্য কমানোর বিষয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। তবে তাৎক্ষণিকভাবে কী সিদ্ধান্ত হয়েছে, তা জানা যায়নি।

কমিটির দায়িত্বশীল সূত্রগুলো বলছে, নতুন বেতন কাঠামোতে নিচের দুই স্তরের সরকারি চাকরিজীবীদের বেতন ও সুযোগ-সুবিধা বেশি বাড়ানোর বিষয়ে আলোচনা হয়েছে। মূল্যস্ফীতির চাপ বিবেচনায় নিম্ন ও মধ্যম স্তরের কর্মচারীদের সুবিধা বৃদ্ধির পক্ষে মত দিয়েছেন সদস্যরা। এর বিপরীতে ওপরের স্তরের কর্মকর্তাদের ক্ষেত্রে তুলনামূলক কম সুবিধা দেওয়ার প্রস্তাব রয়েছে। একই সঙ্গে সরকারি পেনশনভোগীদের সুবিধা বৃদ্ধির বিষয়েও সুপারিশ করা হয়েছে।

জানা গেছে, নতুন পে-স্কেলে বিদ্যমান ২০টি গ্রেড বহাল রাখার সুপারিশ করা হয়েছে। এতে সর্বনিম্ন গ্রেড (২০তম) এর মূল বেতন ৮ হাজার ২৫০ টাকা থেকে বাড়িয়ে ২০ হাজার টাকা করার প্রস্তাব রয়েছে। অন্যদিকে সর্বোচ্চ গ্রেড (১ম) এর মূল বেতন ৭৮ হাজার টাকা থেকে বাড়িয়ে ১ লাখ ৬০ হাজার টাকা করার সুপারিশ করা হয়েছে।

পেনশনের ক্ষেত্রেও বড় পরিবর্তনের প্রস্তাব এসেছে। সুপারিশ অনুযায়ী, যাদের মাসিক পেনশন ২০ হাজার টাকার কম, তাদের পেনশন প্রায় ১০০ শতাংশ পর্যন্ত বাড়তে পারে। ২০ থেকে ৪০ হাজার টাকার মধ্যে পেনশনভোগীদের ক্ষেত্রে প্রায় ৭৫ শতাংশ এবং ৪০ হাজার টাকার বেশি পেনশনভোগীদের ক্ষেত্রে প্রায় ৫৫ শতাংশ পর্যন্ত বৃদ্ধির সুপারিশ করা হয়েছে।

অর্থ মন্ত্রণালয় ও পে-কমিশন সূত্রে জানা গেছে, পূর্ণাঙ্গ সুপারিশ অনুযায়ী একবারে নতুন পে-স্কেল বাস্তবায়ন করতে হলে সরকারের অতিরিক্ত প্রায় ৪৩ হাজার কোটি টাকা প্রয়োজন হতো। তবে বর্তমানে ১০ শতাংশ মহার্ঘ ভাতা সমন্বয় করায় ব্যয় কিছুটা কমে ৩৭ হাজার কোটি টাকায় নেমে এসেছে। এই হিসাব বিবেচনায় নিয়ে ২০২৬-২৭ অর্থবছরের বাজেটে বরাদ্দের প্রস্তাব রাখা হতে পারে। তবে সব সুপারিশ একসঙ্গে বাস্তবায়ন না হয়ে ধাপে ধাপে কার্যকর করার সম্ভাবনা রয়েছে।

এর আগে সচিবালয়ে বাজেট প্রস্তুতি নিয়ে কয়েক দফা বৈঠক অনুষ্ঠিত হয়। সেখানে নতুন বেতন কাঠামো বাস্তবায়নের বিষয়টি আলোচনায় আসে। সংশ্লিষ্ট সূত্র জানায়, আগামী অর্থবছর থেকেই নবম জাতীয় পে-স্কেল বাস্তবায়নের নির্দেশনা দেওয়া হয়েছে।

নতুন পে-স্কেলের আওতায় প্রশাসন, শিক্ষক, পুলিশ, স্বাস্থ্যকর্মী, বিচার বিভাগসহ সব সরকারি চাকরিজীবী অন্তর্ভুক্ত থাকবেন। স্বায়ত্তশাসিত ও আধা-স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের কর্মীদের ক্ষেত্রেও এ নীতিমালা প্রযোজ্য হতে পারে।

অর্থ মন্ত্রণালয়ের একজন দায়িত্বশীল কর্মকর্তা জানিয়েছেন, সুপারিশ চূড়ান্ত হওয়ার পর তা প্রধানমন্ত্রীর কার্যালয়ে পাঠানো হবে। অনুমোদন মিললে অর্থ মন্ত্রণালয় প্রজ্ঞাপন জারি করবে, এরপরই আনুষ্ঠানিকভাবে নতুন পে-স্কেল বাস্তবায়ন শুরু হবে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

বিএনপি কার্যালয়ে ঢুকে গুলি, আহত ২

বিএনপি কার্যালয়ে ঢুকে গুলি, আহত ২

হরমুজ প্রণালিতে জাহাজ চলাচলের নতুন নিয়ম চালু করল ইরান

হরমুজ প্রণালিতে জাহাজ চলাচলের নতুন নিয়ম চালু করল ইরান

২০ দিনে রেমিট্যান্স এলো ৩২ হাজার কোটি টাকা

২০ দিনে রেমিট্যান্স এলো ৩২ হাজার কোটি টাকা

ইবোলার টিকা তৈরিতে লাগতে পারে ৯ মাস: বিশ্ব স্বাস্থ্য সংস্থা

ইবোলার টিকা তৈরিতে লাগতে পারে ৯ মাস: বিশ্ব স্বাস্থ্য সংস্থা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App