×

জাতীয়

ঈদযাত্রার শুরুতেই সড়কে ঝরল ১২ প্রাণ

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২৩ মে ২০২৬, ০৬:১৫ পিএম

ঈদযাত্রার শুরুতেই সড়কে ঝরল ১২ প্রাণ

ছবি : সংগৃহীত

ঈদযাত্রার শুরুতেই দেশের বিভিন্ন জেলায় সড়ক দুর্ঘটনায় ১২ জন নিহত হয়েছেন। শনিবার (২৩ মে) সকাল থেকে বিকেল পর্যন্ত কুষ্টিয়া, দিনাজপুর, যশোর, ফরিদপুর ও গাজীপুরে এসব দুর্ঘটনা ঘটে। আহত হয়েছেন আরও বেশ কয়েকজন।

এদিন ভোর ৬টায় ঢাকা থেকে বিশেষ ব্যবস্থায় রাজশাহীগামী ধূমকেতু এক্সপ্রেস ছেড়ে যাওয়ার মধ্য দিয়ে শুরু হয় ট্রেনের ঈদযাত্রা। পাশাপাশি সড়ক ও নৌপথেও রাজধানী ছাড়তে শুরু করেন ঘরমুখো মানুষ। এতে সড়কে যানবাহনের চাপ বাড়ার পাশাপাশি দুর্ঘটনাও বাড়ে।

কুষ্টিয়া : কুষ্টিয়ার খোকসায় যাত্রীবাহী বাস ও বালুবাহী ট্রাকের সংঘর্ষে বাসটি খাদে পড়ে যায়। এ ঘটনায় এক নারীসহ চারজন নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত ২০ জন। শনিবার বেলা সাড়ে ১১টার দিকে কুষ্টিয়া-রাজবাড়ী আঞ্চলিক মহাসড়কের শিয়ালডাঙ্গি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতদের মধ্যে পরিচয় পাওয়া গেছে দৌলতপুর উপজেলার রাফিয়া (১৫) ও খোকসা উপজেলার নাবিল (২৮) এর। আহতদের কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসকরা।

কুষ্টিয়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু ওবায়েদ বলেন, “তানহা পরিবহনের একটি বাস রাজবাড়ী থেকে কুষ্টিয়ার দিকে যাচ্ছিল। খোকসা শিয়ালডাঙ্গী মসজিদের সামনে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ভ্যানের সঙ্গে বালুবোঝাই ট্রাকের সংঘর্ষ হয়। এ সময় বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। এই ঘটনায় এক নারীসহ চারজন নিহত হন।”

খোকসা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. আরিফুল হক বলেন, “উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দুইজনের মৃতদেহ রাখা আছে। এছাড়া আহত ২০ জনকে চিকিৎসা দেওয়া হচ্ছে। এর মধ্যে আশঙ্কাজনক অবস্থায় ছয়জনকে ২৫০ শয্যার জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।”

দিনাজপুর : দিনাজপুরের ঘোড়াঘাটে ট্রাক ও মোটরসাইকেলের সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। শনিবার সকাল ৯টার দিকে রানীগঞ্জ বাজার এলাকায় দিনাজপুর-গোবিন্দগঞ্জ মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় ট্রাক জব্দ করা হয়েছে এবং হেলপারকে আটক করেছে পুলিশ।

নিহতরা হলেন কাইয়ুম মিয়া (২০), সৈকত (১৫) ও আলামিন (১৫)।

ঘোড়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম বলেন, “একটি মোটরসাইকেলে তিনজন আরোহী ছিলেন। রানীগঞ্জ বাজারে মহাসড়কে ওঠার সময় দিনাজপুর থেকে আসা একটি ট্রাক মোটরসাইকেলটিকে সজোরে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই তিনজনের মৃত্যু হয়।”

যশোর: যশোর-খুলনা মহাসড়কের চাউলিয়া এলাকায় কাভার্ডভ্যান, ভ্যান ও ইজিবাইকের ত্রিমুখী সংঘর্ষে নারীসহ তিনজন নিহত হয়েছেন। আহত হয়েছেন এক শিশুসহ আরও দুজন।

নিহতরা হলেন ইজিবাইক চালক আইয়ুব আলী (৪৩), বৃষ্টি সাহা (২৪) ও আনোর আলী (৭০)। আহতদের যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

নওয়াপাড়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফজলুল করিম বলেন, “ঘটনাস্থলে আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশ কাজ করছে। আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে।”

ফরিদপুর : ফরিদপুরের ভাঙ্গায় মহাসড়ক পার হওয়ার সময় দূরপাল্লার বাসের চাপায় খোকন ব্যাপারী (৪৮) নামে এক পথচারীর মৃত্যু হয়েছে। শনিবার সকাল সাড়ে ৭টার দিকে ঢাকা-বরিশাল মহাসড়কের চুমুরদী বাসস্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

ভাঙ্গা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হেলালউদ্দিন বলেন, “ঘটনার পর চালক গাড়িটি নিয়ে পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি। আমরা মহাসড়কের বিভিন্ন অংশে সিসিটিভি ক্যামেরা দেখে বাসটি শনাক্তের চেষ্টা করছি।”

গাজীপুর : গাজীপুরের কালিয়াকৈরে ট্রাকের পেছনে পিকআপের ধাক্কায় নাসির উদ্দিন (৪৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও দুইজন। শনিবার ভোর সাড়ে ৬টার দিকে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের গোয়ালবাথান এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নাওজোড় হাইওয়ে থানার উপপরিদর্শক আর. করিম বলেন, “চলন্ত ট্রাকের পেছনে মালবাহী পিকআপ সজোরে ধাক্কা দেয়। এরপর পেছন থেকে একটি বাসও ধাক্কা দিলে পিকআপটি দুমড়ে-মুচড়ে যায়। এতে চালক নিহত হন এবং সহকারী গুরুতর আহত হন।”

নাওজোড় হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাউগাতুল আলম বলেন, মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে এবং যানবাহন জব্দ করে আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

ছাত্রাবাসে ইউক্রেনের ড্রোন হামলা, নিহত ১০

ছাত্রাবাসে ইউক্রেনের ড্রোন হামলা, নিহত ১০

সৌদি আরবে ১৫ লাখের বেশি হজযাত্রীর আগমন

সৌদি আরবে ১৫ লাখের বেশি হজযাত্রীর আগমন

ঈদযাত্রার শুরুতেই সড়কে ঝরল ১২ প্রাণ

ঈদযাত্রার শুরুতেই সড়কে ঝরল ১২ প্রাণ

রামিসা হত্যা মামলার বিচার শুরু ঈদের পর: আইনমন্ত্রী

রামিসা হত্যা মামলার বিচার শুরু ঈদের পর: আইনমন্ত্রী

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App