জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি খলিলুর রহমানকে প্রধানমন্ত্রীর অভিনন্দন
কাগজ ডেস্ক
প্রকাশ: ০২ জুন ২০২৬, ১০:৫২ পিএম
ছবি : সংগৃহীত
জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি নির্বাচিত হওয়ায় পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানকে অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
মঙ্গলবার (০২ জুন) ফেসবুকে দেওয়া এক বার্তায় তিনি বলেন, এ অর্জন আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের অবদান ও গ্রহণযোগ্যতার প্রতিফলন। প্রধানমন্ত্রী আশা প্রকাশ করেন, নতুন দায়িত্বে খলিলুর রহমান গর্বের সঙ্গে বাংলাদেশকে প্রতিনিধিত্ব করবেন এবং বহুপাক্ষিক চ্যালেঞ্জ মোকাবিলায় সংযোগ, সংলাপ ও সহযোগিতা জোরদারে ভূমিকা রাখবেন।
মঙ্গলবার নিউইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরে অনুষ্ঠিত নির্বাচনে খলিলুর রহমান ৯৯ ভোট পেয়ে সভাপতি নির্বাচিত হন; প্রতিদ্বন্দ্বী সাইপ্রাসের আন্দ্রেয়াস কাকোরিস পান ৯১ ভোট। ভোটগ্রহণকালে মহাসচিব আন্তোনিও গুতেরেস উপস্থিত ছিলেন। আগামী এক বছর তিনি সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে সভাপতির দায়িত্ব পালন করবেন। দ্বিতীয়বারের মতো বাংলাদেশের কোনো প্রতিনিধি এ পদে নির্বাচিত হলেন—এর আগে ১৯৮৬ সালে ৪১তম অধিবেশনে সভাপতির দায়িত্ব পালন করেন তৎকালীন পররাষ্ট্রমন্ত্রী হুমায়ুন রশীদ চৌধুরী।
