×

জাতীয়

নিলামের আগেই শাহজালালের কার্গো কন্টেইনারে আগুন, তদন্তে উঠছে নানা প্রশ্ন

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০৬ জুন ২০২৬, ১০:৩৭ পিএম

নিলামের আগেই শাহজালালের কার্গো কন্টেইনারে আগুন, তদন্তে উঠছে নানা প্রশ্ন

ছবি : সংগৃহীত

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো এলাকায় অগ্নিকাণ্ডকে কেন্দ্র করে নতুন করে রহস্য তৈরি হয়েছে। প্রাথমিক তদন্তে একাধিক অসংগতিপূর্ণ তথ্য সামনে আসায় ঘটনাটি ঘিরে নানা প্রশ্ন দেখা দিয়েছে। বিশেষ করে যে কন্টেইনারে আগুন লাগে, সেখানে থাকা পণ্য আগামী রোববার নিলামে তোলার কথা ছিল বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

বিমানবন্দর সংশ্লিষ্ট সূত্রগুলো জানায়, শনিবার (৬ জুন) সকাল থেকে অন্তত পাঁচজনকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এদের মধ্যে আন্তর্জাতিক কুরিয়ার প্রতিষ্ঠান ডিএইচএলের কয়েকজন কর্মীও রয়েছেন।

তদন্ত কর্মকর্তাদের তথ্য অনুযায়ী, শুক্রবার রাত আনুমানিক সাড়ে ১১টার দিকে বিমানবন্দরের ৯ নম্বর গেট সংলগ্ন কুরিয়ার অপারেশন এলাকায় ডিএইচএলের একটি কন্টেইনারে আগুনের সূত্রপাত হয়। তবে ঘটনাস্থলটি সিসিটিভি ক্যামেরার আওতার বাইরে থাকায় তদন্তে জটিলতা তৈরি হয়েছে।

প্রাথমিক তদন্তে দেখা গেছে, কন্টেইনারের পাশে একটি বিদ্যুতের খুঁটি ও কিছু বিচ্ছিন্ন তার ছিল। তবে শর্ট সার্কিটজনিত অগ্নিকাণ্ডের সাধারণ কোনো আলামত পাওয়া যায়নি। পাশাপাশি বিদ্যুৎ সরবরাহও স্বাভাবিক ছিল বলে জানা গেছে। ফলে আগুনের উৎস নিয়ে সংশয় আরও বেড়েছে।

ঘটনাস্থল থেকে কয়েকটি সিগারেটের অবশিষ্টাংশও উদ্ধার করা হয়েছে। যদিও ওই এলাকায় ধূমপান নিষিদ্ধ ছিল। তবে বিশেষজ্ঞদের মতে, সিগারেট থেকে আগুন লাগলে সাধারণত ধীরে ধীরে আগুন ছড়ায়। কিন্তু এ ঘটনায় দ্রুত আগুন ছড়িয়ে পড়ার বিষয়টি ভিডিও ফুটেজে দেখা গেছে।

ফুটেজ পর্যালোচনায় দেখা যায়, আগুন লাগার সময় ডিএইচএলের এক কর্মী ঘটনাস্থলের কাছাকাছি অবস্থান করছিলেন। তিনি সেখানে বিশ্রাম নিচ্ছিলেন বলে জানা যায়। আগুন দেখা দেওয়ার পর কিছুক্ষণ তিনি ঘটনাস্থলের দিকে তাকিয়ে থাকেন এবং পরে বিষয়টি অন্যদের জানান। তার আচরণও তদন্তের আওতায় আনা হয়েছে।

তদন্ত কর্মকর্তারা জানিয়েছেন, এখন পর্যন্ত পাওয়া তথ্যের ভিত্তিতে আগুনের সুনির্দিষ্ট কারণ নিশ্চিত হওয়া যায়নি। এটি দুর্ঘটনা নাকি পরিকল্পিত ঘটনা -তা খতিয়ে দেখা হচ্ছে।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, আগুনে ক্ষতিগ্রস্ত কন্টেইনারে কাপড়ের রোল, কাগজজাত পণ্য, রাবার ও প্লাস্টিকসহ বিভিন্ন ধরনের মালামাল ছিল। এসব পণ্য আগামী রোববার নিলামে তোলার কথা ছিল। নিলামের ঠিক আগমুহূর্তে অগ্নিকাণ্ডের ঘটনায় বিষয়টি নিয়ে নানা আলোচনা শুরু হয়েছে।

এদিকে একই কার্গো এলাকায় পুনরায় অগ্নিকাণ্ডের ঘটনায় নিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রশ্ন উঠেছে। এর আগে গত বছরের ১৮ অক্টোবর শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজে বড় ধরনের অগ্নিকাণ্ডে বিপুল পরিমাণ পণ্য ক্ষতিগ্রস্ত হয়েছিল।

সংশ্লিষ্টদের অভিযোগ, আগের ঘটনার পরও অগ্নিনিরাপত্তা ব্যবস্থায় উল্লেখযোগ্য উন্নতি দেখা যায়নি। ফলে নতুন এই ঘটনাটি নিরাপত্তা ঝুঁকি নিয়ে উদ্বেগ আরও বাড়িয়েছে।

বিমানবন্দরের নির্বাহী পরিচালক গ্রুপ ক্যাপ্টেন এস এম রাগীব সামাদ জানিয়েছেন, আগুনের উৎস ও ঘটনার প্রকৃত কারণ উদঘাটনে তদন্ত চলছে। এটি দুর্ঘটনা নাকি নাশকতা—সেটিও গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

যুক্তরাষ্ট্রের যুদ্ধবিরতি লঙ্ঘনের নিন্দা জানাল ইরান

যুক্তরাষ্ট্রের যুদ্ধবিরতি লঙ্ঘনের নিন্দা জানাল ইরান

বিশ্বকাপের আগে বড় দুঃসংবাদ পেল আর্জেন্টিনা

বিশ্বকাপের আগে বড় দুঃসংবাদ পেল আর্জেন্টিনা

বিশ্ববাজারে তেলের দামে বড় পতন

বিশ্ববাজারে তেলের দামে বড় পতন

কুমিল্লায় যাত্রীবাহী বাস-অটোরিকশার সংঘর্ষ, নিহত ৩

কুমিল্লায় যাত্রীবাহী বাস-অটোরিকশার সংঘর্ষ, নিহত ৩

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App