বিশ্ববাজারে তেলের দামে বড় পতন
কাগজ ডেস্ক
প্রকাশ: ০৬ জুন ২০২৬, ১০:৪২ পিএম
ফাইল ছবি
বিশ্ববাজারে অপরিশোধিত তেলের দাম উল্লেখযোগ্যভাবে কমে গেছে। মধ্যপ্রাচ্য সংঘাতের মধ্যে হরমুজ প্রণালির কাছাকাছি পরিস্থিতি তুলনামূলকভাবে নিয়ন্ত্রণে থাকায় সরবরাহ বিঘ্নের আশঙ্কা কিছুটা কমেছে।
ব্যবসায়ীদের মতে, হরমুজ প্রণালি ঘিরে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সীমিত সামরিক সংঘাতের আশঙ্কা কমে আসা এবং তেল সরবরাহে তাৎক্ষণিক ঝুঁকি হ্রাস পাওয়ায় বাজারে এ দরপতন দেখা দিয়েছে।
গালফ নিউজ বলছে, শনিবার সকাল পর্যন্ত যুক্তরাষ্ট্রের ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) ক্রুড তেলের দাম ২.৬ শতাংশের বেশি কমে ব্যারেলপ্রতি ৯০.৫৪ ডলারে নেমেছে।
এছাড়া ব্রেন্ট ক্রুড ১.৯৪ ডলার কমে ব্যারেলপ্রতি ৯৩.০৯ ডলারে দাঁড়িয়েছে, যা ২.০৪ শতাংশ পতন। মুরবান ক্রুড ২.৮২ ডলার বা ৩.০২ শতাংশ কমে ৯০.৬৮ ডলারে নেমেছে।
এ ছাড়া ডব্লিউটিআই মিডল্যান্ড ২.৬৯ শতাংশ কমে ৯১.১৭ ডলার।
প্রতিবেদনে আরো বলা হয়েছে, মার্স ক্রুড ১.৭৬ শতাংশ কমে ১১২.২১ ডলার এবং ওয়েস্টার্ন কানাডিয়ান সিলেক্ট ৩.৫৬ শতাংশ কমে ৮০.৬৯ ডলারে লেনদেন হয়েছে। প্রাকৃতিক গ্যাস ও হিটিং অয়েলের দামও কমেছে, তবে গ্যাসোলিনের সামান্য ০.২৫ শতাংশ বৃদ্ধি দেখা গেছে।
এদিকে যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড জানিয়েছে, স্থানীয় সময় শুক্রবার আত্মরক্ষার অংশ হিসেবে চারটি ইরানি আক্রমণ ড্রোন ভূপাতিত করেছে তারা এবং হামলা চালিয়েছে ইরানের উপকূলীয় রাডার সাইটে।
একই সময় যুক্তরাষ্ট্রের নৌবাহিনী ভারত মহাসাগরে ইরান-সম্পর্কিত একটি তেলবাহী জাহাজে অভিযান চালিয়েছে বলেও জানানো হয়।
ওই জাহাজটি ইরানের ‘ঘোস্ট ফ্লিট’ নেটওয়ার্কের অংশ বলে দাবি করা হয়েছে, যা অবৈধভাবে তেল পরিবহন করে থাকে বলে অভিযোগ ওয়াশিংটনের।
চলতি বছরের ইরান-যুক্তরাষ্ট্র উত্তেজনার পর থেকে বৈশ্বিক জ্বালানি পরিবহনের অন্যতম গুরুত্বপূর্ণ জলপথ হরমুজ প্রণালি আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছে। বিশ্বে সমুদ্রপথে পরিবাহিত তেলের প্রায় এক-পঞ্চমাংশ এই সংকীর্ণ পথ দিয়ে যাতায়াত করে।
