×

এনসিপি

কুষ্টিয়ায় মাজারে ভাঙচুর-হত্যার ঘটনায় এনসিপির নিন্দা

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১২ এপ্রিল ২০২৬, ০৯:২৫ এএম

কুষ্টিয়ায় মাজারে ভাঙচুর-হত্যার ঘটনায় এনসিপির নিন্দা

ফাইল ছবি

কুষ্টিয়ার দৌলতপুরে ধর্ম অবমাননার অভিযোগে একটি মাজারে হামলা, ভাঙচুর, অগ্নিসংযোগ এবং মাজারের পীর শামিম রেজা জাহাঙ্গীরকে হত্যার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।

শনিবার (১১ এপ্রিল) রাতে দলটির মিডিয়া টিম থেকে পাঠানো এক সংবাদ বার্তায় এই ক্ষোভ ও নিন্দা প্রকাশ করা হয়।

সংবাদ বার্তায় এনসিপি জানায়, শনিবার দুপুরে একদল উচ্ছৃঙ্খল ব্যক্তি কুষ্টিয়ার দৌলতপুরে ধর্ম অবমাননার ভিত্তিহীন অভিযোগে একটি মাজারে বর্বরোচিত হামলা চালায়। হামলাকারীরা কেবল মাজার ভাঙচুর ও অগ্নিসংযোগই করেনি, বরং মাজারের প্রধান ও পীর শামিম রেজা জাহাঙ্গীরকে নির্মমভাবে হত্যা করেছে।

জাতীয় নাগরিক পার্টি এই ঘটনাকে আইন হাতে তুলে নেওয়া এবং সামাজিক সম্প্রীতি বিনষ্টের একটি অপচেষ্টা হিসেবে অভিহিত করেছে। দলটির পক্ষ থেকে ঘটনার সাথে জড়িতদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয়েছে। একইসঙ্গে শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেছে দলটি।

এনসিপি মনে করে, ধর্ম অবমাননা কিংবা এ ধরনের সংবেদনশীল অভিযোগের তদন্ত ও বিচারের ক্ষেত্রে যথাযথ আইনি কর্তৃপক্ষ হচ্ছে আদালত।

‘মব-সহিংসতা’ করে যারা অগ্নিসংযোগ ও হত্যা করেছে, তারা একটি গুরুতর ফৌজদারি অপরাধ করেছে। অনতিবিলম্বে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে এই হামলার উসকানিদাতা, পরিকল্পনাকারী এবং হামলার সঙ্গে জড়িত ব্যক্তিদের যথাযথভাবে চিহ্নিত করে আইনি ব্যবস্থা গ্রহণ করতে হবে।

সংবাদ বার্তায় বলা হয়, এ ধরনের ‘মব-সহিংসতা’ স্থানীয় ক্ষমতার ছত্রচ্ছায়া ছাড়া সম্ভব নয়। গত বছর রাজবাড়ীতে মাজার ভাঙচুর ও লাশ পুড়িয়ে দেওয়ার ঘটনায়ও রাজনৈতিক শক্তির ছত্রচ্ছায়া দেখা গেছে।

সংবাদমাধ্যম মারফত জানা গেছে, শনিবার সকাল থেকেই হঠাৎ করে নিহত পীর শামিম রেজা জাহাঙ্গীরের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে, যেখানে তাকে কোরআন শরিফ নিয়ে অবমাননাকর বক্তব্য দিতে দেখা যায়। এতে এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে এবং দুপুরের দিকে মাজারে হামলার ঘটনা ঘটে। এ ধরনের ঘটনার পূর্ব অভিজ্ঞতা থাকা সত্ত্বেও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী প্রত্যাশিত সতর্কতা অবলম্বন ও ভূমিকা রাখতে ব্যর্থ হয়েছে।

এনসিপি অভিযোগ তুলে বলে, সরকারের তরফ থেকে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বারবার ‘মব কালচার’ শেষ করার ঘোষণা দিলেও ‘প্রকৃত মব’ থামাতে ব্যর্থ হচ্ছে সরকার। জাতীয় নির্বাচনের পরপরই বাংলাদেশ ব্যাংক ও বাংলাদেশ সংবাদ সংস্থায় (বাসস) সরকারসমর্থিত পক্ষ ‘মব’ করে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানে কর্মরত দুজন ব্যক্তিকে পদত্যাগ করতে বাধ্য করে।

একদিকে সরকার ‘মব কালচার’ শেষ করার ঘোষণা দিয়ে সরকারসমর্থিত ‘মব’কে প্রশ্রয় দিচ্ছে, অন্যদিকে ‘মব কালচার’ পরিভাষাটিকে সরকারি দলের নেতা-কর্মীরা রাজনৈতিক ভিন্নমত দমনের হাতিয়ার হিসেবে ব্যবহারের চেষ্টা করছে।

সংবাদ বার্তায় অভিযোগ করে আরো বলা হয়, সরকার একের পর এক নিজ নির্বাচনী ইশতেহার ভঙ্গ করেই যাচ্ছে। অন্যদিকে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটছে। জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) স্বরাষ্ট্রমন্ত্রীকে সরকারের সব বিষয়ে মুখপাত্রের ভূমিকা পালন না করে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক করতে যথাযথ পদক্ষেপ গ্রহণের আহ্বান জানিয়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

শিক্ষাপ্রতিষ্ঠানে অনলাইন ক্লাস শুরু

শিক্ষাপ্রতিষ্ঠানে অনলাইন ক্লাস শুরু

যুক্তরাষ্ট্র আলোচনা থেকে সরতে অজুহাত খুঁজছে: ইরান

যুক্তরাষ্ট্র আলোচনা থেকে সরতে অজুহাত খুঁজছে: ইরান

অভিজ্ঞতা ছাড়াই কর্মী নেবে আবুল খায়ের গ্রুপ

অভিজ্ঞতা ছাড়াই কর্মী নেবে আবুল খায়ের গ্রুপ

কোনোভাবেই বন্ধ হচ্ছে না অনলাইন জুয়া

জুয়ায় জড়িত ৫ হাজার অ্যাকাউন্ট ফ্রিজ কোনোভাবেই বন্ধ হচ্ছে না অনলাইন জুয়া

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App