×

রাজনীতি

সারজিস আলম

‘বিএনপির ভাতৃ-মাতৃ সংগঠন পেশিশক্তির ওপরে দাঁড়ানো’

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২৪ এপ্রিল ২০২৬, ০৩:০৮ পিএম

‘বিএনপির ভাতৃ-মাতৃ সংগঠন পেশিশক্তির ওপরে দাঁড়ানো’

ফাইল ছবি

বিএনপির রাজনীতি পেশিশক্তির ওপর দাঁড়িয়ে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম। বৃহস্পতিবার (২৩ এপ্রিল) রাতে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি এ মন্তব্য করেন।   

পোস্টে তিনি লেখেন, ‘সমস্যাটা ভিন্ন জায়গায়-অভ্যস্ততার ভিন্নতা, সময়ের ভিন্নতা, আকাঙ্ক্ষার ভিন্নতা। জন্মের পর থেকে অভ্যুত্থানের আগে পর্যন্ত বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল যে রাজনীতি করে এসেছে, যে রাজনীতি দেখে এসেছে এবং যার শিকার হয়েছে, তারা এখন সেটাই করার চেষ্টা করছে। এর বাইরে তাদের যাওয়ার সুযোগ কম। কারণ তাদের ভাতৃ সংগঠন থেকে শুরু করে মাতৃ সংগঠন, সবকিছুই ক্ষমতার অপব্যবহার আর পেশিশক্তি প্রদর্শনের কাঠামোর ওপর দাঁড়িয়ে আছে।’ 

তিনি আরও বলেন, ‘অভ্যুত্থানের পর থেকে নির্বাচনের পূর্ব পর্যন্ত কিছুটা লাগাম টানা থাকলেও এখন তারা হীনমন্যতায় ভুগছে। এত বড় রাজনৈতিক দলের ছাত্র সংগঠন হয়েও বিশ্ববিদ্যালয় সংসদ নির্বাচনে লজ্জাজনকভাবে হেরে যাওয়ার গ্লানি তারা এখনো বইছে। সেই গ্লানি থেকে মুক্তি পেতেই তারা পুরোনো পথ বেছে নিচ্ছে।’

পোস্টে অভিযোগ করে তিনি লেখেন, ‘ক্ষমতাসীন দলের শক্তি এবং রাষ্ট্রীয় প্রশাসনের সহায়তা সামনে রেখে তারা ভাড়াটে ও নির্বোধ বাহিনী দিয়ে জুবায়ের ও মোসাদ্দেকের ওপর হামলা করেছে, সাদিক কায়েমকে ভুয়া বলে স্লোগান দিয়েছে। এগুলো নির্বাচনে হেরে যাওয়ার ক্ষোভের বহিঃপ্রকাশ ছাড়া কিছু নয়। কিন্তু গায়ে হাত তোলা বা স্লোগান দিয়ে সাময়িক আত্মতৃপ্তি মিললেও পরাজয়ের গ্লানি মুছে ফেলা যায় না।’

তিনি দাবি করেন, ‘ছাত্রদল এখন এক ধরনের মনস্তাত্ত্বিক দ্বন্দ্বে রয়েছে। জাতীয় নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল ক্ষমতায় থাকলেও বিশ্ববিদ্যালয় সংসদ নির্বাচনে পরাজয়ের কারণে তারা ক্যাম্পাসে নেতৃত্ব প্রতিষ্ঠা করতে পারছে না। ভাড়াটে লোক দিয়ে সংখ্যা বাড়ানো গেলেও মানসিক শান্তি পাওয়া যায় না।’

আরো বলেন, ‘এই পরিস্থিতি থেকে বের হতে তারা সহিংসতার পথ বেছে নিচ্ছে-কাউকে পিটিয়ে আহত করা বা ভয়ের পরিবেশ তৈরি করে ক্যাম্পাসে নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার চেষ্টা করছে। পরবর্তী ধাপে তারা হলগুলোতে নিজেদের লোক তোলার জন্য কৃত্রিম আবাসন সংকট তৈরি, গণরুম ও গেস্টরুম সংস্কৃতি ফিরিয়ে আনার চেষ্টা করবে।’ 

তিনি মন্তব্য করেন, ‘গণরুম-গেস্টরুম সংস্কৃতি ছাড়া বিশ্ববিদ্যালয়ে ছাত্রদলের স্থায়ী রাজনীতি টিকে থাকবে না। যদি শিক্ষার্থীরা রাজনীতি ছাড়াই প্রয়োজনীয় সুযোগ-সুবিধা পায়, তাহলে ৯৫ শতাংশের বেশি শিক্ষার্থী এই তথাকথিত রাজনীতিতে যুক্ত হবে না। তখন ক্যাম্পাসের নিয়ন্ত্রণ থাকবে সাধারণ শিক্ষার্থীদের হাতে।’

সারজিস আলম আরও বলেন, ‘বাংলাদেশের রাজনৈতিক বাস্তবতায় ক্ষমতাসীন দল হিসেবে বিএনপি কখনোই বিশ্ববিদ্যালয়ের নিয়ন্ত্রণ নিজেদের বাইরে যেতে দিতে চাইবে না। কারণ এর সঙ্গে তাদের অস্তিত্বের প্রশ্ন জড়িত।’

তিনি দাবি করেন, ‘ছাত্রদল তাদের হাইকমান্ডের নির্দেশেই বিভিন্ন ক্যাম্পাসে এসব কার্যক্রম চালাচ্ছে। পেশিশক্তি ও অস্ত্রের ঝনঝনানির মাধ্যমে তারা ভয়ের পরিবেশ তৈরি করতে চায়।’

শেষে তিনি লেখেন, ‘দুর্ভাগ্যক্রমে সময়টা এখন আর ছাত্রদল কিংবা বিএনপি'র সেই পুরনো কালচারের পক্ষে নেই। মানুষের আকাঙ্ক্ষায় বড় পরিবর্তন এসেছে। শ্রমিক থেকে করপোরেট, শিক্ষার্থী থেকে অভিভাবক-সবখানেই এক ধরনের মনস্তাত্ত্বিক বিপ্লব ঘটেছে। চাঁদাবাজি ছাড়া বিএনপির রাজনীতি চালানো সম্ভব নয় এটা যেমন সত্য, তেমনি চাঁদাবাজি করে ভবিষ্যতের রাজনীতিতে টিকে থাকাও সম্ভব নয়। বিএনপিকে ঠিক করতে হবে তারা কোন পথ বেছে নেবে। পুরোনো পথে গেলে পতন অনিবার্য।’ 

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

ময়মনসিংহ আইনজীবী সমিতিতে বিএনপিপন্থীদের জয়জয়াকার

ময়মনসিংহ আইনজীবী সমিতিতে বিএনপিপন্থীদের জয়জয়াকার

টিকার ঘাটতিতে বাংলাদেশে হামের উচ্চ ঝুঁকি

বিশ্ব স্বাস্থ্য সংস্থা টিকার ঘাটতিতে বাংলাদেশে হামের উচ্চ ঝুঁকি

বিশ্বশান্তির নতুন মধ্যস্থতাকারী পাকিস্তান?

বিশ্লেষণ বিশ্বশান্তির নতুন মধ্যস্থতাকারী পাকিস্তান? বৈশ্বিক সংকটে ইসলামাবাদের কূটনৈতিক তৎপরতা বাড়ছে

চাঁপাইনবাবগঞ্জ থেকে বাস চলাচল বন্ধ, ভোগান্তিতে যাত্রীরা

চাঁদাবাজি বন্ধের দাবি চাঁপাইনবাবগঞ্জ থেকে বাস চলাচল বন্ধ, ভোগান্তিতে যাত্রীরা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App