×

রাজশাহী

শেরপুর-৩ ও বগুড়া-৬ আসনে চলছে ভোটগ্রহণ

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০৯ এপ্রিল ২০২৬, ০৮:৪৮ এএম

শেরপুর-৩ ও বগুড়া-৬ আসনে চলছে ভোটগ্রহণ

ছবি : সংগৃহীত

ত্রয়োদশ জাতীয় সংসদের শেরপুর-৩ আসনের (শ্রীবরদী-ঝিনাইগাতী) সাধারণ নির্বাচন এবং বগুড়া-৬ আসনের উপনির্বাচনে ভোটগ্রহণ শুরু হয়েছে। বৃহস্পতিবার (৯ এপ্রিল) সকাল সাড়ে ৭টা থেকে ভোটগ্রহণ শুরু হয়ে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত চলবে।

গত ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ২৯৯টি আসনে ভোট অনুষ্ঠিত হয়। বিএনপি চেয়ারম্যান তারেক রহমান ঢাকা-১৭ ও বগুড়া-৬ আসনে নির্বাচিত হন। পরবর্তীতে বগুড়া-৬ আসন ছেড়ে দেওয়ায় সেখানে উপনির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। অন্যদিকে, প্রতিদ্বন্দ্বী প্রার্থীর মৃত্যুতে শেরপুর-৩ আসনের ভোট স্থগিত থাকায় সেখানে আজ সাধারণ নির্বাচন হচ্ছে।

শেরপুর-৩

এই আসনে তিনজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। তারা হলেন বিএনপির মাহমুদুল হক রুবেল, জামায়াতের মাসুদুর রহমান মাসুদ এবং বাংলাদেশ সমাজতান্ত্রিক দল (মার্কসবাদী) মনোনীত মিজানুর রহমান।

জেলা নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, শেরপুর-৩ আসনে একটি পৌরসভা ও ১৭টি ইউনিয়ন রয়েছে। মোট ভোটার সংখ্যা ৪ লাখ ১৩ হাজার ৩৭৭ জন। এর মধ্যে পুরুষ ভোটার ২ লাখ ৫ হাজার ৬৬ জন, নারী ২ লাখ ৮ হাজার ৩০৪ জন এবং তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছেন ৭ জন।

এ আসনে মোট ১২৮টি ভোটকেন্দ্রের মধ্যে ২৭টি অধিক গুরুত্বপূর্ণ, ৩২টি গুরুত্বপূর্ণ এবং ৬৯টি সাধারণ কেন্দ্র হিসেবে চিহ্নিত করা হয়েছে। মোট ভোটকক্ষ রয়েছে ৭৫১টি।

শেরপুর জেলা নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন জানান, নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করতে ১৪ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট, নির্বাচন কমিশনের ১৮ জন পর্যবেক্ষক, ২ জন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট এবং নির্বাচনী অনুসন্ধান কমিটির ৩ জন যুগ্ম জেলা জজ দায়িত্ব পালন করছেন।

নিরাপত্তা নিশ্চিতে সেনাবাহিনীর ৮টি মোবাইল টিমে ২০০ এর বেশি সদস্য, ১৬ প্লাটুন বিজিবি, র‍্যাবের ১৪টি টিম এবং পুলিশের প্রায় ১১৫০ সদস্য মাঠে রয়েছেন।

উল্লেখ্য, জামায়াত মনোনীত প্রার্থী নুরুজ্জামান বাদলের মৃত্যুর কারণে গত ১২ ফেব্রুয়ারির নির্বাচন স্থগিত করা হয়েছিল। পরবর্তীতে নতুন তফসিল অনুযায়ী আজ ৯ এপ্রিল ভোটগ্রহণ অনুষ্ঠিত হচ্ছে।

১৭টি ইউনিয়ন ও একটি পৌরসভা নিয়ে গঠিত এ আসনের ১২৮টি কেন্দ্রের ৭৫১টি কক্ষে ৪ লাখ ১৩ হাজার ৩৭৭ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করছেন।

জেলা অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মো. মিজানুর রহমান ভূঁইয়া জানান, নির্বাচন শান্তিপূর্ণ রাখতে সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে। পুরো জেলায় ৩২টি মোবাইল টিম ও স্ট্রাইকিং ফোর্স কাজ করছে। প্রতিটি কেন্দ্রে ৫ জন এবং গুরুত্বপূর্ণ কেন্দ্রে ৬ জন করে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য দায়িত্ব পালন করছেন। তিনি ভোটারদের শান্তিপূর্ণভাবে ভোট দেওয়ার আহ্বান জানান।

বগুড়া-৬

বগুড়া-৬ আসনে তিনজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। তারা হলেন বিএনপির রেজাউল করিম বাদশা, বাংলাদেশ জামায়াতে ইসলামীর আবিদুর রহমান এবং বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টির (বিডিপি) আল-আমিন তালুকদার।

জানা গেছে, বগুড়া-৬ আসনের ১৫০টি ভোটকেন্দ্রে মোট ৪ লাখ ৫০ হাজার ৩০৯ জন ভোটার ভোটাধিকার প্রয়োগ করছেন। নিরাপত্তা জোরদারে ২৫০ জন সেনাসদস্য স্ট্রাইকিং ফোর্স হিসেবে দায়িত্ব পালন করছেন। এছাড়া ৮ প্লাটুন বিজিবি, র‍্যাবের ১০টি টিম এবং বিপুল সংখ্যক পুলিশ ও আনসার সদস্য মোতায়েন রয়েছে।

শহরের সেউজগাড়ী এলাকার ভোটার মোমেনা খাতুন বলেন, তিনি শান্তিপূর্ণ পরিবেশে ভোট দিতে পারছেন এবং নিরাপত্তা ব্যবস্থা সন্তোষজনক। তিনি আশা প্রকাশ করেন, সুষ্ঠুভাবে ভোটগ্রহণ সম্পন্ন হবে।

প্রসঙ্গত, গত ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে এ আসন থেকে নির্বাচিত হয়েছিলেন তারেক রহমান। দুটি আসনে জয়ী হওয়ায় বগুড়া-৬ আসনটি শূন্য ঘোষণা করা হয় এবং সাংবিধানিক বাধ্যবাধকতার অংশ হিসেবে এই উপনির্বাচনের আয়োজন করা হয়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আ. লীগের সাবেক নারী এমপি গ্রেপ্তার

আ. লীগের সাবেক নারী এমপি গ্রেপ্তার

৫ বিভাগে কালবৈশাখীর আশঙ্কা

৫ বিভাগে কালবৈশাখীর আশঙ্কা

রাহুলের মৃত্যুতে সৌরভ গাঙ্গুলির মন্তব্যের তীব্র সমালোচনা স্বস্তিকার

রাহুলের মৃত্যুতে সৌরভ গাঙ্গুলির মন্তব্যের তীব্র সমালোচনা স্বস্তিকার

মাদক প্রতিরোধে বিজ্ঞানভিত্তিক ও সমন্বিত উদ্যোগের আহ্বান প্রতিমন্ত্রীর

মাদক প্রতিরোধে বিজ্ঞানভিত্তিক ও সমন্বিত উদ্যোগের আহ্বান প্রতিমন্ত্রীর

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App